খেলার খুচরো
আরও চার বছর
একই ঘটনা, অথচ প্রতিক্রিয়া হলো দুই রকম। ম্যানচেস্টার সিটির কাছে ৬-৩ গোলে হেরেও আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে ২০১৭ সাল পর্যন্ত চুক্তি করতে চলেছে আর্সেনাল। অন্যদিকে কার্ডিফ সিটির কাছে হারের পরপরই চাকরি হারালেন ওয়েস্ট ব্রমউইচের কোচ স্টিভ ক্লার্ক। ব্রিটিশ দৈনিক মিরর জানিয়েছে, আগামী মাসেই চার বছরের জন্য নতুন চুক্তিতে সই করবেন আর্সেনাল কোচ। স্টিভ ক্লার্ক? তাঁর গন্তব্য এখনো অজানা। ওয়েবসাইট।
আরেকটি মৃত্যু
আরও একটা দুর্ঘটনা, আরও একজনের মৃত্যু। পরশু ব্রাজিলের মানাউস স্টেডিয়ামে নির্মাণকাজের সময় ছাদ থেকে পড়ে মারা গেছেন এক শ্রমিক। বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারকাজ চলাকালে এটা চতুর্থ দুর্ঘটনা। এর আগে মানাউস, ব্রাসিলিয়া ও সর্বশেষ সাও পাওলোতে এমন দুর্ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ। অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ফিফা ও বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি। মানাউসেই দুর্ঘটনা ঘটেছে দুই বার। রাজ্যের সরকারি কৌঁসুলি আদালতের কাছে আবেদন জানিয়েছেন কাজের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখতে। তবে বিশ্বকাপের সময় ঘনিয়ে আসার কারণে ধারণা করা হচ্ছে, এ ধরনের আবেদন গ্রহণ করবেন না ব্রাজিলের আদালত। এএফপি।
পুয়োলকে শেষের ডাক
অনেক দিন ধরেই চোটটা পিছু ছাড়ছে না। বয়সও ৩৫। কাতালান দৈনিক দেপোর্তিভো এল মুন্দো জানাচ্ছে, শিগগিরই অবসরের ঘোষণা দিতে পারেন কার্লোস পুয়োল। বার্সেলোনার প্রথম একাদশে জায়গা হারিয়ে ফেলেন গত মৌসুম থেকেই। ২০১২-এর অক্টোবরে হাঁটুর চোটের জন্য যেতে হয় শল্যবিদের ছুরির নিচে। এরপর ফিরলেও ঠিক যেন ছন্দে নেই। গত তিন মাসে ম্যাচ খেলেছেন মাত্র চারটি। সবকিছু মিলিয়েই ফিটনেস সমস্যার কারণেই এবার বুট তুলে রাখতে চাইছেন পুয়োল। তবে এল মুন্দো দাবি করেছে, বর্ষীয়ান ফুটবলারদের পরিচিত গন্তব্য যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার সম্ভাবনা আছে পুয়োলের। এএফপি।