খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাচ্ছন্ন রিয়াল
নয়বার ইউরোপ-সেরার ট্রফিই বলে, মহাদেশীয় এই প্রতিযোগিতায় সফলতম দল রিয়াল মাদ্রিদ। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি, শেষবার তারা চ্যাম্পিয়নস লিগ জিতেছে এগারো বছর আগে। ওই স্মৃতি নিয়ে আর কত দিন! রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা তাই নাকি এবার মরিয়া ‘লা দেসিমা’র জন্য। এতটাই যে, ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলছেন, ‘হয়তো আমরা সবাই এই ট্রফিটা নিয়ে মোহাচ্ছন্ন হয়ে পড়েছি। এটা দোষের কিছু নয়, কারণ এই শিরোপাটাই আমরা সবচেয়ে বেশি চাই।’ ওয়েবসাইট
লক্ষ্য রোনালদিনহো
গত মাসে ব্রাজিলের সিরি ‘বি’ জিতে শীর্ষ লিগে উঠেছে পালমেইরাস। সামনে বড় পরীক্ষা, আর তার প্রস্তুতি নিতে আটঘাট বেঁধেই নামছে ব্রাজিলিয়ান ক্লাবটি। চোখ পড়েছে অ্যাটলেটিকো মিনেইরোর ফরোয়ার্ড রোনালদিনহোর ওপর। গুঞ্জন আছে, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অনাকাঙ্ক্ষিত বিদায়ের পর রোনালদিনহোর সঙ্গে চুক্তি নবায়ন করতে গিয়ে বেশ ভাবছে মিনেইরো। এই সুযোগটাই নিতে চায় পালমেইরাস। ক্লাবের নির্বাহী পরিচালক হোসে কার্লোস জানিয়েছেন, জানুয়ারিতেই ক্লাব হাত বাড়াবে ফিফার সাবেক বর্ষসেরা ফুটবলারের দিকে। ওয়েবসাইট।
বেকারেরও পরীক্ষা
পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মিশনে নামছেন। অথচ তার আগে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলা হবে না নোভাক জোকোভিচের। কী আর করা, আবুধাবিতে চলমান প্রীতি টুর্নামেন্টটাকেই প্রস্তুতির জন্য বেছে নিয়েছেন নোভাক জোকোভিচ। কিংবদন্তি বরিস বেকারকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর এটাই তাঁর প্রথম টুর্নামেন্ট। তবে বেকারের পরীক্ষাটা হবে আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনেই। দেখা যাক, প্রথম মিশনেই ছাত্রকে সাফল্য এনে দিতে পারেন কি না বেকার। ওয়েবসাইট।
অবসর ভাবনা
বয়স ৩৫ চলছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর বর্তমান চুক্তি শেষ হতে বাকি আর ছয় মাস। এরপর কী করবেন রিও ফার্ডিনান্ড? একটি ব্রিটিশ দৈনিকের খবর, ১১ বছরের ক্লাব থেকেই অবসরে যেতে চান ফার্ডিনান্ড। সে ক্ষেত্রে ইউনাইটেড যদি তাঁকে চুক্তি নবায়নের প্রস্তাব না-ও দেয়, তাহলে বর্তমান চুক্তি শেষ হওয়ার পরই অবসর নিয়ে নেবেন ইংলিশ ডিফেন্ডার। ইউনাইটেডের সর্বশেষ আট ম্যাচের পাঁচটিতেই প্রথম একাদশে ছিলেন না ফার্ডিনান্ড। কোচ ময়েসও কি চাইছেন ফার্ডিনান্ডকে ছেড়ে দিতে? ওয়েবসাইট।