খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসির চাওয়া
নববর্ষে ঈশ্বরের কাছে মেসির চাওয়া কী? মেসির মুখেই শোনা যাক, ‘মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অনেক জিনিসই আছে। তবে খেলার কথা যদি বলেন, আমার চাওয়া ২০১৪ সালে চোটমুক্ত থাকা।’ ২০১৩ সালের অনেকটা সময় মেসিকে মাঠের বাইরে কাটাতে বাধ্য করেছে চোট। নতুন বছরে চোট যেন আর ছোবল নিয়ে হাজির হতে না পারে, মেসি সেটিই বলেছেন আর্জেন্টাইন টেলিভিশন শো মুন্ডো লিওতে। পরশু ওই অনুষ্ঠানে মেসি এটাও জানিয়েছেন, পরিবারের সঙ্গে নববর্ষ উদ্যাপন করে আজই রওনা হবেন বার্সেলোনায়। ওয়েবসাইট।

হেইঙ্কেসের পূর্বানুমান

২০১৩ সালে ফুটবল-দুনিয়ায় বায়ার্ন মিউনিখের রাজত্বটা ছিল স্পষ্টই। এ মৌসুমেও জার্মান পরাশক্তি এগোচ্ছে দাপট নিয়েই। এ মৌসুমই শুধু নয় বায়ার্নের সাবেক কোচ ইয়ুপ হেইঙ্কেস বলছেন, বায়ার্ন ইউরোপ শাসন করতে পারে আগামী এক দশক। বায়ার্নের আজকের অপ্রতিরোধ্য হয়ে ওঠা এই হেইঙ্কেসের হাত ধরেই। গত মৌসুমে বায়ার্নকে প্রথমবারের মতো জিতিয়েছেন ‘ট্রেবল’। সেই হেইঙ্কেস এক ফুটবল সাময়িকীকে বলছেন, ‘বায়ার্ন সংগঠিত একটা দল। এই দলে খেলোয়াড়দের বয়স, মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে। আগামী এক দশক বায়ার্নের জন্য দারুণ কাটতে পারে।’ ওয়েবসাইট।

যুবরাজ বাদ

পারফরম্যান্স দিয়েই ভারতের ওয়ানডে দলে ফিরেছিলেন। কিন্তু জায়গাটা ধরে রাখতে পারলেন না যুবরাজ সিং। নিউজিল্যান্ড সফরের ভারতীয় ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। ৯ জানুয়ারি নেপিয়ারে প্রথম ওয়ানডে দিয়ে শুরু সিরিজের জন্য কাল ওয়ানডে ও টেস্ট দল ঘোষিত হয়েছে। ওয়ানডে দল থেকে যুবরাজের সঙ্গে বাদ পড়েছেন মোহিত শর্মা ও উমেশ যাদব। তাঁদের জায়গায় ডাক পেয়েছেন ঈশ্বর পান্ডে, বরুন অ্যারন ও স্টুয়ার্ট বিনি। এর মধ্যে মধ্যপ্রদেশের পেসার ঈশ্বর পান্ডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলেও। তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন স্পিনার প্রজ্ঞান ওঝা। ওয়েবসাইট।

কস্তার ভোটও রোনালদোর

গোল করার লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোই তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী। লিগে এখন পর্যন্ত ১৯ গোল নিয়ে সবার ওপরে ডিয়েগো কস্তা। রোনালদোর গোল ১৮টি। কিন্তু মাঠের সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা সরিয়ে রেখে কস্তা মাতলেন রোনালদো-বন্দনায়। ফিফা ব্যালন ডি’অর এবার রোনালদোরই প্রাপ্য—জানিয়ে দিলেন নিজের অভিমত। রোনালদোর সঙ্গে ব্যালন ডি’অরের আরও দুই দাবিদার লিওনেল মেসি ও ফ্রাঙ্ক রিবেরি। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকারের চাওয়া, পুরস্কারটা যেন এবার রোনালদোর হাতেই ওঠে। ওয়েবসাইট।