খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিল এখন শিক্ষক
আম্পায়ার হিসেবে সায়মন টফেলের উচ্চতায় উঠতে পারেননি। তবে ছাড়ার সময় টফেলের পথেই হাঁটলেন টনি হিল। আম্পায়ারিং ছেড়ে আইসিসি এলিট প্যানেলের কিউই আম্পায়ার হচ্ছেন আম্পায়ারিং শিক্ষক। টফেলের দায়িত্বটা আইসিসির হলেও হিল কাজ করবেন ক্রিকেট নিউজিল্যান্ডের আম্পায়ার কোচ হিসেবে। প্রথম শ্রেণীর পর্যায়ে না খেলেও আম্পায়ারিংয়ের চ্যালেঞ্জিং ক্যারিয়ার বেছে নেওয়া হিল ১৫ বছরে পরিচালনা করেছেন ৪০ টেস্ট, ৯৬ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি। আগামী মার্চ থেকে নতুন দায়িত্বে কাজ শুরু করবেন ৬২ বছর বয়সী হিল। ওয়েবসাইট।
জিম্বাবুয়ে আবার!
আর্থিক সংকটের কারণে গত অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজ আয়োজন করতে পারেনি জিম্বাবুয়ে। ইএসপিএন-এর দাবি, এবার আফগানিস্তান সিরিজটাও বাতিল করে দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। মূল কারণ অবশ্যই আর্থিক দৈন্য। এ মাসের শেষ দিকের এই সফরে নিজেদের যাবতীয় খরচ বহন করতে চেয়েছিল আফগানরাই। তার পরও সিরিজটা হচ্ছে না, জিম্বাবুয়ে নিজেদের ক্রিকেটারদেরই বেতন-ভাতা দিতে পারছে না বলে। সিরিজটি বাংলাদেশে আয়োজনের একটি কথা শোনা গিয়েছিল, সম্ভব হয়নি সেটিও। এখন কোনো রকম প্রস্তুতি ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে জিম্বাবুয়েকে। ওয়েবসাইট।
আলোনসোর চুক্তি
আগের চুক্তিটা শেষ হয়ে যেত এই জুনেই। কিন্তু রিয়াল মাদ্রিদ কি জাবি আলোনসোকে ছাড়ার ভুল করে? পরশুই আলোনসো দুই বছরের জন্য নতুন চুক্তি করেছেন রিয়ালের সঙ্গে। নিজের টুইটারে সান্তিয়াগো বার্নাব্যুর একটা ছবি পোস্ট করেছেন আলোনসো। সেখানে লেখা, ‘আরও দুই বছরের জন্য এটাই আমার বাড়ি।’ নতুন চুক্তি অনুসারে বছরে ৩২ বছর বয়সী মিডফিল্ডারের বেতন ৬০ লাখ ইউরো যা আগের চেয়ে ২০ লাখ ইউরো বেশি। এএফপি।
ডি মারিয়ার মুক্তি
অভিযোগ অস্বীকার করে আসছিলেন শুরু থেকেই। শেষ পর্যন্ত অ্যাঙ্গেল ডি মারিয়ারই জয় হয়েছে। রিয়াল মাদ্রিদের তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার। গত সোমবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে বদলি হয়ে উঠে যাওয়ার সময় অশোভন অঙ্গভঙ্গি করেছেন বলে অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে অবশ্য রিয়াল উইঙ্গার দাবি করেছিলেন অসৌজন্যমূলক কিছুই করেননি তিনি। তদন্তেও সেটা প্রমাণিত না হওয়ায় শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না ডি মারিয়াকে। এএফপি।
দায়মুক্ত রোসেল
জর্ডি কাসেসের অভিযোগটা গুরুতরই ছিল। বার্সেলোনা ক্লাবের এই সদস্যের দাবি, নেইমারের দলবদলের অঙ্কটা চেপে গিয়েছিলেন বার্সা সভাপতি সান্দ্রো রোসেল। আসল অঙ্কটা নাকি ৭ কোটি ৪০ লাখ ইউরো। যদিও প্রকাশ্যে বলা হয়েছে ৫ কোটি ৭০ লাখ ইউরো। সবচেয়ে ভয়ংকর কথা, বাকি টাকাটা নাকি হাপিশ করে দেওয়া হয়েছে! অভিযোগটা আদালত পর্যন্তও গড়ায়। কিন্তু স্প্যানিশ দৈনিক এল কনফিদেনশিয়াল জানিয়েছে, আদালত এই দলবদলে কোনো অনিয়ম খুঁজে পায়নি। ফলে কাসেসের অভিযোগও ধোপে টিকল না। ওয়েবসাইট।