খেলার চেয়েও বেশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলেছে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি, সিলেট স্টেডিয়াম এখন অপেক্ষায় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটির। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণ সামনে রেখে সিলেট নগরও সেজেছে নতুন সাজে ।  আনিস মাহমুদ
মিলেছে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি, সিলেট স্টেডিয়াম এখন অপেক্ষায় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটির। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণ সামনে রেখে সিলেট নগরও সেজেছে নতুন সাজে । আনিস মাহমুদ

সংশয়-শঙ্কা কাটিয়ে অবশেষে স্বপ্নপূরণ। এ পাঁচটি শব্দেই সিলেটবাসীর মনের গতিপ্রকৃতি বুঝে নেওয়া যেতে পারে। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে বিভাগীয় স্টেডিয়াম স্বীকৃতি পাচ্ছে কি পাচ্ছে না—এ নিয়ে সিলেটবাসীকে তো কম মানসিক চাপ সহ্য করতে হয়নি! গত মাস তিনেক ধরেই এ দোলাচলে ছিলেন সবাই। আইসিসি কর্মকর্তারা যখন মাঠ পরিদর্শনে আসতেন তখন রীতিমতো ঘড়ির পেন্ডুলামের মতোই ক্রীড়ানুরাগীদের বুক ধড়ফড়ানি শুরু হয়ে যেত! ক্ষণে ক্ষণে বদলাত তাঁদের মনের রূপ-রং।
অতিসম্প্রতি সিলেটকে চূড়ান্তভাবে ভেন্যু ঘোষণার মধ্য দিয়ে সিলেটবাসীর বুক ধড়ফড়ানি থেমে গেছে। প্রবল থেকে প্রবলতর হওয়া এত দিনকার স্বপ্নটা অবশেষে হাতের মুঠোয়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৭ মার্চ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের। এ উপলক্ষে পুরো শহরে এখন সাজ সাজ রব। কেবল শহর বললে ভুল বলা হবে। বরং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, গ্রাম-গঞ্জ-বন্দর, বাসস্ট্যান্ড-নদীরঘাট, চায়ের দোকান-ড্রয়িং রুম— সর্বত্রই একই আলোচনা। এ উৎসবের রং যেন খেলার চেয়েও বেশি আনন্দের উপলক্ষ এনে দিয়েছে সিলেটবাসীকে।
উৎসবের মাত্রা তো বেশি হওয়াই স্বাভাবিক। হবেই না বা কেন? কারণ সিলেট ভেন্যুর আন্তর্জাতিক অভিষেক একটা রাজসিক ঘটনাই বটে! হবে তো হবেই, একেবারে বিশ্বকাপের ম্যাচ দিয়েই যাত্রা শুরু। শহরতলির লাক্কাতোরা এলাকায় নির্মিত পাহাড়-টিলা আর চা-বাগানঘেরা ১৩ হাজার ৫৩৩ আসনবিশিষ্ট স্টেডিয়ামটিকে এরই মধ্যে আইসিসি ‘বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন স্টেডিয়াম’ হিসেবে অভিহিত করেছে। দর্শকদের বসার জন্য দূর্বাঘাস দিয়ে নির্মিত একটি ‘গ্রিন গ্যালারি’-কে স্টেডিয়ামের অন্যতম আকর্ষণ হিসেবেও খোদ আইসিসি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাও করে প্রচার করেছে।
প্রাকৃতিক সৌন্দর্যের বিবেচনায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম দেশের অন্যসব স্টেডিয়ামকে ছাড়িয়ে গেছে কি না—এ নিয়েও সিলেটবাসী এখন তর্ক-বিতর্কে মেতে উঠেছেন। অতি উৎসাহীদের কেউ কেউ এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন স্টেডিয়াম হিসেবে অভিহিত করে ফেসবুক-টুইটারে প্রচারণা শুরু করে দিয়েছেন। সিলেটবাসীর আবেগ-অনুভূতি-ভালোবাসার এক উপলক্ষই যেন এনে দিয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই উত্তাপ কিছুটা হলেও টের পাওয়া যায় রাত জেগে শিক্ষার্থীদের আলপনা আঁকার বিষয়টি দেখেই।
খেলোয়াড়দের আবাসনস্থল উপশহর এলাকা, স্টেডিয়ামমুখী সব কটি রাস্তা এবং নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার প্রায় চার কিলোমিটার রাস্তাজুড়ে আলপনা এঁকে খেলোয়াড়দের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সিলেটবাসী। সিটি করপোরেশনের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে শহরের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা কয়েক রাত জেগে এ আলপনা আঁকার কাজ শেষ করেছেন। পিছিয়ে নেই স্থানীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও। তারা স্টেডিয়ামের পার্শ্ববর্তী এলাকার বাড়িঘরের ছাদে রং লাগিয়ে রঙিন করে তুলেছেন চারপাশ।
ক্ষণ গণনা শেষ। দেশি-বিদেশি পর্যটক আর খেলোয়াড়দের বরণ করে নিতে এখন প্রস্তুত সিলেটবাসী। এবার ক্রিকেটানন্দে মেতে ওঠার পালা। পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছেন সিলেটের দিকে। আর সিলেটবাসী তাকিয়ে রয়েছেন ১৭ মার্চের দিকে। ওই দিন সশরীরে খেলার মাঠে উপস্থিত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রালগ্নের ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে চান। ওই ঐতিহাসিক ম্যাচটির ছবি তুলে কেউ যে বাঁধাই করে রাখতে চাইবেন না তা কিন্তু নয়। অবশ্য এটি বাঁধাই করে রাখার মতো বিরল এক ঘটনাই। আজ থেকে অনেক বছর পর নাতি-নাতনির কাছে গল্প করার মতো এরচেয়ে রোমাঞ্চকর বিষয় আর কী হতে পারে?