খেলার নামে বাণিজ্য
মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা নিয়মিত খেলার আয়োজন করতে পারে না। কিন্তু হঠাত্ই কয়েক দিন ধরে সরগরম হয়ে পড়েছে স্টেডিয়াম। গত ১৩ মার্চ থেকে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে আন্ত-উপজেলা পুলিশ সুপার কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে মুন্সিগঞ্জেরই কোনো ক্রিকেটার নেই! আর এটিকে ঘিরে বাণিজ্য চলছে বলে অভিযোগ।আয়োজক জেলা ক্রীড়া সংস্থা, কিন্তু টুর্নামেন্টের দল গঠন ও অর্থ সংগ্রহের দায়িত্বে রয়েছেন জেলার ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। প্রতিদিন এই খেলায় ব্যয় হচ্ছে লাখ টাকা। আজ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে টঙ্গিবাড়ী ও মুন্সিগঞ্জ। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, এসপি কাপ টুর্নামেন্টটি জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করলেও অর্ধেক টাকা দেবেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, ‘টুর্নামেন্ট আয়োজনে তাদের এক লাখ টাকার বেশি খরচ ধরা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা ৫০ হাজার টাকা দেবে। বাকি টাকা পুলিশ সুপার ব্যবস্থা করে দেবেন। আর ছয় উপজেলার দল গঠনে থানার ওসি ও উপজেলা ক্রীড়া সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ এই নজরুল ইসলামের বিরুদ্ধে সাবেক জেলা প্রশাসক নুরুল হক বাদী হয়ে ক্রীড়া সংস্থা থেকে প্রায় ৩২ লাখ টাকা আত্মসাতের মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনে।টঙ্গিবাড়ী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন এই টুর্নামেন্টের জন্য ১০ হাজার টাকা দিয়েছেন বলে জানান। একই উপজেলার আওয়ামী লীগ নেতা জগলুল হালদারও টাকা দিয়েছেন, ‘ওসি সাহেবের সঙ্গে আমরা সবাই মিলেই টঙ্গিবাড়ী উপজেলা দল গঠন করেছি। প্রথম খেলাতেই লাখখানেক টাকা ব্যয় হয়েছে। কারণ সব খেলোয়াড়কে ঢাকা থেকে আনতে হয়েছে।’ জগলুল দিঘিরপাড়ে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় থানায় একাধিক মামলা ছিল।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সিরাজদিখান দল গঠনে তিনি টাকার ব্যবস্থা করে দিয়েছেন।মাঠপাড়া সমাবেশ ক্লাবের সভাপতি আর্শেদ উদ্দিন চৌধুরীর অভিযোগ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা স্টেডিয়ামের ড্রেসিংরুম, প্যাভিলিয়ন এবং অন্যান্য কক্ষ সপ্তাহে দুই-তিন দিন বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা আয় করেন, অথচ তা খেলার উন্নয়নে না লাগিয়ে নিজেদের পকেট ভারী করেন।পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. শফিকুল ইসলাম টাকার প্রসঙ্গে বলেন, ‘এত টাকা আমরা কোথা থেকে দেব? স্পনসর জোগাড় করে টাকার ব্যবস্থা করা যায় কি না ভাবছি।’ তবে ছয় থানার ওসিকে দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে অস্বীকার করে বলেন, ওসিরা কেন এই দায়িত্ব নেবেন?