খেলার মজা গ্যালারিতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ হাজার ৫৩ জন দর্শক, পর্দায় ভেসে উঠল পরিসংখ্যান। বেশির ভাগ দর্শকই বসে আছেন। আমি আছি দাঁড়িয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। উত্তর গ্যালারি। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার। আমার গায়ে বাংলাদেশের জার্সি। হাতে লাল-সবুজ পতাকা। সমুদ্রসৈকতে আছড়ে পড়া ঢেউয়ের মতো একটু পর পর গ্যালারিতে তরঙ্গ জাগছে। আমি তার তালে দুলে উঠছি। বাংলাদেশ দুর্দান্ত শুরু করল। রান গড় ১০। মনে হচ্ছে, আজ না বাংলাদেশ ৫০০ করে ফেলে। একটা করে রান হয়, আমি লাফাই। চার হলে তো কথাই নাই। একটু পরে শুরু হলো আউটের মিছিল। সাকিব আল হাসান এটা কী শট খেললেন? দু-দুটো রান আউটের মানে কী?আশরাফুল মাঠে নামছেন। আমরা বিপুল করতালি দিয়ে গলা ফাটাতে লাগলাম। আজকে তিনি শেষ ওভার পর্যন্ত থেকে প্রমাণ করবেন, পুরোনো চাল ভাতে বাড়ে। পুরোনো চাল সেদ্ধ হলো না। চাউল ভাজা হয়ে গেল। মাত্র এক রান করে ক্যাচ তুলে দিলেন আশরাফুল। একটু আগে ঠিক একই জায়গায় মুশফিকুরকে একই কায়দায় আউট হতে দেখেও আশরাফুল শিখবেন না? ম্যাচের এই অবস্থায় কেউ আকাশ দিয়ে বল মারার চেষ্টা করে? নাঈম আর রাজ্জাক মিলে ২০০ পেরুলেন। তারপর নাঈম আত্মঘাতী প্যাডেল সুইপ করতে গেলেন কেন? ৫০ ওভার খেলে আসতে পারলে মাথাটা উঁচু থাকত না? আমরা সবাই ক্রিকেট-সমালোচক। বিরতির সময় ব্যাপক আলোচনা, এ ওকে সান্ত্বনা দিচ্ছেন, বাংলাদেশ জিতবে।আমার মুখ শুকিয়ে আমসি। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আমার বাড়াবাড়ি ঘোরতর পাগলামোর সব রেকর্ড ভঙ্গ করেছে। ফেসবুকে আমার পেজ আছে, ‘বাংলাদেশ: ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নস: দেয়ার ক্যান বি মিরাকল হোয়েন ইউ বিলিভ।’ প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার অনুষ্ঠানে আমি সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়ে ছবি তুলি। এবিসি রেডিওতে আশরাফুল আর মুশফিকুর রহিম এসেছেন শুনতে পেয়ে আমি ওদের স্টুডিওর ভেতরে ঢুকে পড়েছিলাম অনাহূত হওয়া সত্ত্বেও। ধানমন্ডি ৪ নম্বরের মাঠে মোহামেডানের অনুশীলনে সাকিব আল হাসান আসেন শুনে সকালবেলা মাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলাম। আমাকে দেখতে পেয়ে বরং সাকিবই এগিয়ে এসেছিলেন। আমি তাঁকে জড়িয়ে ধরে বলেছিলাম, বাংলাদেশ দলের জন্য আমি শুভেচ্ছা জানাতে এসেছি। বাংলাদেশ বোলিং শুরু করল। প্রথম ছোবলটা মারলেন রাজ্জাক। তারপর সাকিব আল হাসান। নিয়মিত উইকেট পড়তে লাগল। একটা করে উইকেট পড়ে। আর মহাসমুদ্র গর্জে ওঠে, তাতে প্রকাণ্ড ঢেউ জাগে। সবচেয়ে বড় লাফটা কিন্তু আমিই লাফাই। ৫ নম্বর উইকেটের পর আর উইকেট পড়ছে না। ৫ উইকেটে ১৫০। আর মাত্র ৫৬ রান। হাতে বল বেশি। রান দরকার কম। আজকে আর হলো না। আমি বসে পড়ি। এখনই কাঁদতে শুরু করব। সঙ্গী ভাগনেকে বলি, ‘কাব্য, চলো, ফিরে যাই।’ কাব্য বলে, ‘আরে কী বলে? জয়টা দেখে যাব।’ ১৫১-তে গিয়ে ৬ নম্বর উইকেটটা পড়ল। আবার জেগে ওঠে পুরো গ্যালারি। তারপর ১৭৮-এর মধ্যেই আয়ারল্যান্ড প্যাকেট।গর্জন ছড়িয়ে পড়ল ১৬ কোটি কণ্ঠে। রাতের অন্ধকার ফুঁড়ে জেগে উঠল সমস্ত বাংলাদেশ। বের হওয়ার পথ নেই। সাকিবদের হাতের কাছে না পেয়ে আমাকেই জড়িয়ে ধরছেন কেউ কেউ। রাস্তায় মিছিল আর মিছিল। ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ চিৎকার। রাত সাড়ে ১১টায় দেখি বিজয় সরণিতে জনতা দাঁড়িয়ে আছে— খেলোয়াড়দের বহরকে অভিনন্দন জানাবে বলে। ক্রিকইনফো বলেছিল, এ হলো জনতার বিশ্বকাপ। আয়ারল্যান্ডকে হারিয়েই যেন আমরা বিশ্বকাপ জয় করে ফেলেছি। আসলে সোজা খেলাটা কঠিন হয়ে পড়েছিল বলেই এমন বাঁধভাঙা উচ্ছ্বাস। কেনিয়ার সঙ্গে আইসিসি ট্রফির ফাইনাল খেলাটার কথা মনে পড়ল। ১৯৯৭ সালে শেষ বলে শেষ রানটা হওয়ার সঙ্গে সঙ্গে রেডিওতে ধারাবিবরণী শুনেই আমরা কীভাবে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম!ভাঙা গলা আর প্রায়-ভাঙা পা নিয়ে গভীর রাতে বাসায় ফিরি। তবু ঘুমোতে ইচ্ছা করে না। টেলিভিশনের খবর দেখি। বার বার একই খবর দেখতে ইচ্ছা করে। সকালবেলা সব খবরের কাগজ মেলে ধরি। কে কী লিখল? আমার ধারণা, সবচেয়ে ভালো লেখাটা মাশরাফি বিন মুর্তজাই লিখছেন এবং সেটা প্রথম আলোয়—‘অধিনায়ক সাকিবকে সেলাম’। সবচেয়ে ভালো পারফরম্যান্স সাকিব আল হাসানের, বাপরে, কী অধিনায়কত্বই না তিনি করলেন! সেরা নৃত্য পরিবেশন করেছেন আশরাফুল, দ্বিতীয় উইকেটটা নেওয়ার পর তাঁর নাচ দেখে মনে পড়ছিল মুষ্টিযোদ্ধা আলীকে নিয়ে রচিত গান, ‘সে ছোটে যেন প্রজাপতি, দংশে মৌমাছি।’ আর শফিউল! তাঁর চোখে সেই যুযুৎসার আগুন, যা থাকে বিধ্বংসী বোলারের চোখে। উৎপল শুভ্রর কথাই শেষতক ঠিক হলো, আমরা ‘স্পিনার’ ‘স্পিনার’ করি বটে, ম্যান অব দ্য ম্যাচ তো হয় পেসার, না হয় তামিম (প্রথম আলো, ২৫ ফেব্রুয়ারি ২০১১)। আর আমার চোখে এই ম্যাচের সেরার সেরা পারফরমার কে? দর্শক। প্রতিটা ভালো মার, প্রতিটা ভালো রক্ষণাত্মক ব্যাটিংকেও তারা তালি দিয়েছেন। বাংলাদেশ হেরে যেতে পারে এই আশঙ্কা থাকা সত্ত্বেও তাঁরা মাঠ ছাড়েননি। তাঁরাই আসল সংশপ্তক। সাকিব আল হাসান সাংবাদিক সম্মেলনে যখন দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছিলেন, তখন তাঁর চোখের কোণে জল ছলছল করছিল। বরফের মতোন শীতল এই ছেলেটিকে এর আগে কেউ কোনো প্রসঙ্গে সামান্য আবেগ প্রকাশ করতেও দেখেছেন নাকি! আমি আবার বলি, আসুন, দর্শক হিসেবে এই চ্যাম্পিয়নশিপটা আমরা ধরে রাখি। আমাদের ক্রিকেট দলকে বলি, আমরা তোমাদের পাশে আছি, তোমাদের সুসময়ে, তোমাদের দুঃসময়েও। আমরা তোমাদের আসলেই ভালোবাসি।