খেলার মাঝে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে তখন চলছিল মালদ্বীপ-আফগানিস্তান ভলিবল ম্যাচ। ১৫-১৫ পয়েন্টে সমতায় থাকা ম্যাচটি হঠাৎই বন্ধ করে দেওয়া হয়। ইনডোরের দক্ষিণ দিকে আগুন লেগে যাওয়ায় কর্মকর্তারা ম্যাচটি বন্ধ করে দিতে বাধ্য হন। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা অবশ্য ঘটেনি।
ফ্লাডলাইটের বাল্বের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। একপর্যায়ে বিকট শব্দে আগুনের ফুলকি নিচে পড়তে থাকে। খেলোয়াড়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। পুরো স্টেডিয়ামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তারপরও সেখানে আগুন জ্বলতে দেখা যায় এবং ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।
মালদ্বীপের অধিনায়ক ইশান হকচকিয়ে গিয়েছিলেন, ‘আমরা প্রথমে একটু ভয় পেয়েছিলাম। পরে আগুন নিভে যাওয়ায় ততটা আতঙ্কিত হইনি। এমন দুর্ঘটনা যেকোনো জায়গায় ঘটতে পারে।’ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘এটা শর্টসার্কিটজনিত সমস্যা। অতিরিক্ত গরমে ওই দুটি বাল্বে আগুন ধরে গিয়েছিল। পরে বাল্ব দুটির বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়। বড় দুর্ঘটনা থেকেই রক্ষা পেয়েছে স্টেডিয়ামের মানুষ।’
বড় দুর্ঘটনার হাত থেকে মানুষ রক্ষা পেয়েছে। কিন্তু এ অগ্নিকাণ্ডের ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে স্টেডিয়ামের ব্যবস্থাপনা সম্পর্কে। একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কেন সবকিছু পরীক্ষা করে দেখা হয়নি? স্টেডিয়ামের প্রশাসক শিহাব উদ্দিন জানালেন, ‘এই ফ্লাডলাইটগুলো বেশ পুরোনো। তাই শর্টসার্কিট হতেই পারে। তারপরও আমি আগে প্রধান সুইচ বন্ধ করে লোক পাঠিয়ে ঝুঁকি নিয়ে সেই আগুন নেভানোর ব্যবস্থা করেছি।’
প্রায় পৌনে এক ঘণ্টা অন্ধকারে থাকার পর আলো জ্বলে ইনডোরে। এর মিনিট দশেক পর শুরু হয় খেলা।