খেলার মাঠে প্লট বরাদ্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেটার মুশফিক বাবুর হাতেখড়ি রাজশাহীর উপশহর ক্লাব মাঠে। শুধু মুশফিক নন, জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় পান্না ঘোষসহ রাজশাহীর অনেক ক্রিকেটারেরই খেলোয়াড়ি জীবনের শুরুটা এই মাঠে। অথচ এই মাঠসহ উপশহরের অন্য দুটি মাঠেও আবাসিক প্লট বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া করেছে হাউজিং এস্টেট কর্তৃপক্ষ! মানববন্ধন করে এর প্রতিবাদ জানিয়েছে উপশহর এলাকাবাসী।উপশহর ক্লাব মাঠে উঠতি ক্রিকেটারদের অনুশীলন করান বিসিবির আম্পায়ার ও স্থানীয় কোচ মিজানুর রহমান। খেলার মাঠকে প্লট বানানোর প্রক্রিয়ার বিরোধিতা করে তিনি প্রথম আলোকে বলেন, ‘জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের অনেক খেলোয়াড়ই এই মাঠে খেলে বড় হয়েছে। রাজশাহী ও দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থেই এই মাঠসহ অন্য মাঠগুলো মুক্ত রাখা উচিত।’ মাঠ তিনটি রক্ষায় গঠিত উপশহর পরিবেশ ও স্বার্থ সংরক্ষণ সংগ্রাম কমিটির আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক কে এম সাজ্জাদুর রহমান জানান, উপশহর এলাকার তিনটি সেক্টরের মধ্যে ১ নম্বর সেক্টরে রয়েছে তিনটি খোলা মাঠ। এগুলো হলো উপশহর ক্লাব মাঠ, শিশুপার্কের জন্য নির্ধারিত পানির ট্যাংক-সংলগ্ন খোলা মাঠ ও উপশহর মহিলা ঈদগাহ মাঠ। এ মাঠগুলোতেই এখন আবাসিক প্লট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে হাউজিং এস্টেট কর্তৃপক্ষ। তবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান আশ্বাস দিয়েছেন, ‘উপশহরের এলাকাবাসী আমাকে বিষয়টি অবহিত করেছে। হাউজিং কর্তৃপক্ষ খেলার মাঠে আবাসিক প্লট বরাদ্দ দিতে পারে না। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘এমনিতেই শহরে খেলার মাঠ হারিয়ে যাচ্ছে। এই খেলার মাঠগুলোকে প্লট আকারে বিক্রির সিদ্ধান্ত আমাদের বিস্মিত করেছে। প্লট করার সিদ্ধান্ত বাতিল করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’ খেলার মাঠে প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে ন্যাশনাল হাউজিং উপশহর শাখার উপসহকারী প্রকৌশলী ইমাদুল ইসলামের ব্যাখ্যা, ‘১ নম্বর হাউজিং এস্টেটের মাস্টারপ্লানেই এই জায়গাগুলোকে প্লট দেখানো হয়েছে। এই জায়গাগুলোয় এত দিন প্লট বরাদ্দ না দেওয়ায় ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা করে আসছে। বর্তমানে এই জায়গাগুলো প্লট আকারে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এলাকার লোকজন এ প্রক্রিয়া বন্ধের দাবি তুললেও ওপর মহল সিদ্ধান্ত না বদলালে এ সিদ্ধান্তও পরিবর্তন হবে না।’