খেলায় ফিরছে আনসার
‘আগে আনসার পরে খেলোয়াড়’—স্লোগান সামনে রেখে খেলোয়াড়দের ইউনিটে পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশ আনসার। খেলার চেয়ে সংস্থাটির শৃঙ্খলার দিকেই বেশি নজর দিতে হয়েছিল খেলোয়াড়দের। তবে প্রায় ছয় মাস পর আবারও খেলায় ফিরতে শুরু করেছে বাংলাদেশ আনসার দল। এরই মধ্যে বিভিন্ন খেলার ১২টি ইভেন্টে অনুশীলন শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। আপাতত কাবাডিটাই শুধু স্থগিত আছে, আর নাম প্রত্যাহার করে নিয়েছে দাবা থেকে।
গত এপ্রিলে অষ্টম বাংলাদেশ গেমসের মহিলা কাবাডির ফাইনালে বিজিবি ও আনসারের খেলোয়াড়দের সংঘর্ষের পর থেকেই কাবাডির কার্যক্রম স্থগিত করে আনসার। এরপর গত ১ জুলাইতে সব খেলোয়াড়কে এক লিখিত নির্দেশে যাঁর যাঁর ইউনিটে ফিরতে বলা হয়। যদিও গত সেপ্টেম্বরে জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ইউনিটে থেকেই অংশ নিয়েছিল আনসার দল। তবে আনসারকে আনসারের মতো মনে হয়নি, ১৫টি সোনা জিতে তারা হয়েছিল রানার্সআপ।
বাংলাদেশ আনসারের পরিচালক (ক্রীড়া) গোলাম কিবরিয়া কাল জানালেন, ‘আমরা কোনো খেলা বন্ধ করিনি। নিজেদের বিশেষ কিছু পরিকল্পনার জন্য খেলাধুলা থেকে কয়েক মাস অ্যাথলেটদের বাইরে রেখেছিলাম। ৩ নভেম্বর থেকে আমরা খেলোয়াড়দের অনুশীলনের নির্দেশ দিয়েছি। এরই মধ্যে সবাই যাঁর যাঁর মতো অনুশীলন শুরু করেছে।’ এই নির্দেশের পরই ঢাকায় অনুশীলন শুরু করেছে কারাতে, কুস্তি, ফেন্সিং ও উশু দল। গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে অনুশীলন করছেন ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল ও জুডোর খেলোয়াড়েরা। খুলনায় সাইক্লিং, রাজশাহীতে বক্সিং ও কুষ্টিয়ার সাঁতারের অনুশীলন চলছে।
ইউনিটে গিয়ে থাকতে হবে ভেবে অনেক খেলোয়াড়ই আনসারের চাকরি ছেড়ে দেন। অনেকেই ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। আনসার থেকে পদত্যাগ করা এসএ গেমসের সোনাজয়ী শ্যুটার শারমিন আক্তার রত্না সিদ্ধান্তটিকে সাধুবাদ জানালেন, ‘ভালো উদ্যোগ। আগের সিদ্ধান্তটা শুধু খেলোয়াড়দের জন্য নয় ক্রীড়াঙ্গনের জন্যই হুমকি ছিল।’ তাহলে আবারও ফিরবেন আনসারে? রত্নার উত্তর, ‘আমি আর আনসারে ফিরব না। এখন আমি ঢাকা রাইফেলস ক্লাবের হয়ে খেলছি।’