খেলায় ফিরছেন হেইডেন!
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ম্যাথু হেইডেন। শেষবারের মতো তাঁকে মাঠে দেখা গিয়েছিল ২০১০ সালের আইপিএলে। এরপর অনেক দিন ক্রিকেট অঙ্গন থেকে দূরেই ছিলেন তিনি। কিন্তু এবার অবসর ভেঙে ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছেন সাবেক এই অসি ওপেনার। তিনি খেলবেন অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের হয়ে। হেইডেনের সাবেক টেস্ট সতীর্থ ড্যারেন লেম্যান বর্তমানে ব্রিসবেন হিটের মূল কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিই জানিয়েছেন হেইডেনের বিগ ব্যাশে খেলার খবরটি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেম্যান বলেছেন, ‘হেইডেন গত কয়েক মাস ধরে আবারও অনুশীলন শুরু করেছে। তাঁর মতো অভিজ্ঞ খেলোয়াড়কে পাশে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। কোনো সন্দেহ নেই যে হেইডেন ব্রিসবেন হিটকে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখেন। দলকেও নিয়ে যেতে পারবেন ভালো একটি অবস্থানে।’ নতুন চেহারায় অস্ট্রেলিয়ান এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগটি শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে। ব্রিসবেন হিটে হেইডেন সতীর্থ হিসেবে পাবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ও ব্র্যান্ডন ম্যাককালামকে। ওয়েবসাইট।