খেলায় মনোনিবেশ করা খুব কঠিন: ভেট্টোরি
চার দিকে প্রকৃতির নিষ্ঠুর ছাপ স্পষ্ট। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। মারা গেছেন ৭৫ জনেরও বেশি, নিখোঁজ তিন শতাধিক। দেশের এমন পরিস্থিতিতে খেলায় মনোনিবেশ করা কঠিন বলে মন্তব্য করেছেন ড্যানিয়েল ভেট্টোরি।‘আমাদের জন্য খেলায় মনোনিবেশ করা খুব কঠিন। ক্রিকেটাররা মানসিকভাবে বিপর্যস্ত। অথচ আমাদের সামনে বিশ্বকাপের কঠিন ম্যাচ‘—কাল শুক্রবার অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন ভেট্টোরি।ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় চেন্নাই থেকে ক্রাইস্টচার্চে ফিরে গেছেন দলের ফিজিওথেরাপিস্ট ডেল শ্যাকল ও প্রশিক্ষক ব্রায়ান স্ট্রনাক। ভেট্টোরি স্বীকার করেন, দুজন নিয়মিত ‘সাপোর্ট স্টাফ’ না থাকায় দলের সমস্যাটা আরও তীব্রতর হয়েছে। তবে তাঁদের যে ক্ষতি হয়েছে, এর সঙ্গে কোন কিছুই তুলনায় নয়। ‘এটা কঠিন, তবে তাঁরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, এর সঙ্গে কোন কিছুর তুলনা চলে না। স্থানীয় একজন ফিজিও পেয়েছি আমরা। তাঁরা ফিরে না আসা পর্যন্ত সবকিছু মানিয়ে নিতে হবে। সবমিলিয়ে আমরা অসহায়’—বলেছেন কিউই অধিনায়ক।নাগপুরের কালকে ম্যাচটির গুরুত্ব আবার বেড়ে গেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের এক সিদ্ধান্তে। এ দিন নির্ধারিত হবে ‘চ্যাপেল-হ্যাডলি’ সিরিজের ফলও! এ বছর আর সিরিজ আয়োজন নয়, এই ম্যাচে যে দল জয় পাবে, ওই সিরিজের ট্রফি যাবে তারই ঘরে। ওয়েবসাইট।