খেলে যেতে চান জেরার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ মিডফিল্ডার স্টিভেন জেরার্ডকে নিয়ে এই মুহূর্তে জোর গুজব, তিনি ইউরো খেলেই জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন। তবে আকাশে-বাতাসে ভেসে বেড়ানো এই গুজবকে উড়িয়ে দিয়ে লিভারপুলের অধিনায়ক জানিয়েছেন, এ ধরনের কোনো পরিকল্পনা তাঁর নেই।৩১ বছর বয়সী এই মিডফিল্ডার আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন। ইনজুরি নিয়ে সমস্যায় ভোগা জেরার্ডের মধ্যে নিজেকে প্রমাণেরও একটা তাড়না আছে। তিনি নতুন ইংলিশ কোচ রয় হজসনের সামনে প্রমাণ করতে চান, ২০১৪-এর ব্রাজিল বিশ্বকাপেও তিনি উত্তুঙ্গ ফর্ম নিয়ে খেলতে পারবেন।ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাত্কারে জেরার্ড বলেন, ‘বুঝতে পারছি, আমার যে বয়স, তাতে অনেকেই চাইবেন, আমি যেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে লিভারপুলে সব মনোযোগ ঢেলে দিই। কিন্তু সত্যি বলছি, এ ধরনের কোনো পরিকল্পনা এখনো আমার নেই।’ তিনি আরও বলেন, ‘আমি ইংল্যান্ডের পক্ষে খেলতে ভালোবাসি। ভালোবাসি লিভারপুলের হয়ে খেলাটাও।’জেরার্ডের ভাবনাজুড়ে এই মুহূর্তে ইউরো চ্যাম্পিয়নশিপ। ভাবনায় আছে, কোচ রয় হজসনকে নিজের খেলা দিয়ে মুগ্ধ করাও। তিনি বলেন, ‘দেখি নতুন কোচের অধীনে আমার ভবিষ্যত্টা কেমন। তিনি আমাকে কীভাবে গ্রহণ করেন। প্রত্যাশা থাকবে, ভালো ফুটবল খেলেই কোচের মন জয় করা, যেন তিনি ভবিষ্যতে আমাকে দলে রাখতে আগ্রহী হন।’জেরার্ড আরও বলেন, ‘আমি চাই, তিনি (কোচ) যেন ইউরো চ্যাম্পিয়নশিপে আমার খেলা দেখে মুগ্ধ হন। এমনকি আমাকে দলে রাখতে আগ্রহী হন।’ তাঁর মতে, ‘আমার এখনো দেওয়ার অনেক কিছুই আছে। ব্রাজিলে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপের জন্য যদি আমি ইংল্যান্ড দলে উপযুক্ত বিবেচিত হই, তাহলে সেটা হবে আমার জন্য বিরাট পাওনা। আমি সামনের বিশ্বকাপটা খেলেই বিদায় নিতে চাই।’