খেলোয়াড়দের বিওএর পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসের আগে খেলোয়াড়দের উজ্জীবিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ২০১৩ সালে বিওএর বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক গেমসে সাফল্য পাওয়া বাংলাদেশের খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে। ২১ জানুয়ারি বিওএ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৩৩ লাখ টাকা পুরস্কার পাবেন খেলোয়াড়েরা।
সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পাবেন ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শ্যুটার আবদুল্লাহেল বাকি। একই বছর এশিয়ান গেমসে রুপাজয়ী বাংলাদেশ মহিলা ক্রিকেট দল, ব্রোঞ্জজয়ী পুরুষ ক্রিকেট দল, ব্রোঞ্জজয়ী মহিলা কাবাডি দল আছে পুরস্কার তালিকায়। এ ছাড়া ২০১৩ সালে ইসলামিক সলিডারিটি গেমসে রুপাজয়ী আর্চার ইমদাদুল হক মিলন, ব্রোঞ্জজয়ী তায়কোয়ান্দো খেলোয়াড় শ্রাবণী বিশ্বাস ও যুব কমনওয়েলথ গেমমে সোনাজয়ী আর্চার তামিমুল ইসলাম, ব্রোঞ্জজয়ী আর্চার নন্দিনী খান পুরস্কার পাবেন।
খেলোয়াড়দের জন্য বিওএ গত অক্টোবরে পুরস্কার-সংক্রান্ত একটা নীতিমালা করেছে। তাতে সবচেয়ে বড় অর্থ পুরস্কার অলিম্পিকের সোনাজয়ীর জন্য, অঙ্কটা ১ কোটি টাকা; রুপাজয়ী পাবেন ৫০ লাখ আর ব্রোঞ্জজয়ী ২৫ লাখ। এশিয়ান গেমসে ১৫, ১০ ও ৫ লাখ, কমনওয়েলথ গেমস ১০, ৫ ও ৩ লাখ। যুব অলিম্পিক, এসএ গেমস, এশিয়ান যুব গেমস ৫, ৩ ও ১ লাখ। কমনওয়েলথ যুব গেমস ৪, ৩ ও ১ লাখ। ইসলামিক সলিডারিটি গেমস ৪, ২ ও ১ লাখ ও এশিয়ান বিচ গেমস ৩, ২ ও ১ লাখ টাকা।