খেলোয়াড়-লটারি ২৫ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর সম্ভাব্য তারিখ দেওয়া আছে ৩ সেপ্টেম্বর। এর আগে ২৫ আগস্ট খেলোয়াড়দের দলবদল, যার নাম দেওয়া হয়েছে ‘প্লেয়ার বাই চয়েস’। বিসিবি এগোচ্ছে এই সূচি ধরেই। কাল মিরপুরের বিসিবি কার্যালয়ে হওয়া এক সভায় ‘প্লেয়ার বাই চয়েস’-এর রূপরেখাও ঠিক করে ফেলেছে সিসিডিএম।
সভা শেষে সিসিডিএমের প্রধান জালাল ইউনুস টেলিফোনে জানান, ‘লটারির নিয়মকানুন আমরা কালই (আজ) সব ক্লাবকে জানিয়ে দেব। সে অনুযায়ী ২৫ আগস্ট লটারি হবে।’ বিসিবির মিডিয়া লাউঞ্জে বেলা ১১টায় শুরু হবে খেলোয়াড়দের লটারি। এর আগে ২৩ আগস্ট প্রিমিয়ার লিগের সব ক্লাবকে লটারি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হবে বলে জানান বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
ক্লাব রাজনীতির শিকার প্রিমিয়ার লিগ এবার বারবার পেছালেও নতুন পদ্ধতির ‘প্লেয়ার বাই চয়েসের’ জন্য অনেক আগেই খেলোয়াড় তালিকা দিয়ে দিয়েছেন নির্বাচকেরা। তবে একটি সূত্রে জানা গেছে, সেই তালিকায় কিছু ঘষামাজা হবে। বিপিএল ফিক্সিং নিয়ে আকসুর তদন্ত প্রতিবেদনে নাম আসা দুই ক্রিকেটার মোশাররফ হোসেন আর মাহবুবুল আলমকে বাদ দেওয়া হবে। আত্মস্বীকৃত অভিযুক্ত মোহাম্মদ আশরাফুলকে অবশ্য বাইরে রাখা হয়েছে আগেই।