খেলোয়াড়কে 'খেয়ে' ফেলল দানব মাসকট!

খেলাধুলায় মাসকট হয়েছে বহু জীবজন্তু। কখনো কি শুনেছেন, মাসকট খেয়ে ফেলেছে আস্ত এক খেলোয়াড়কে? খবরটা চোখ কপালে ওঠার মতোই। এ ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের বেসবল দল ‘পোর্টল্যান্ড সি ডগসে’র ম্যাচপূর্ব অনুশীলনে।
অনুশীলনের মধ্যেই মত্স্যরূপী মাসকটটি প্রথমে দৌড়ে এক খেলোয়াড়কে দিল গুঁতো! খেলোয়াড় কিছু মনে করল না তাতে। বরং মাসকটকে বলটা ভদ্রভাবেই ছুড়ে দিলেন। কিন্তু না, তাতেও দমল না মাসকট। জিবায় বলটা এনে আবার ফিরিয়ে দিল খেলোয়াড়কে। এবার বিরক্ত হয়েই বলটা অনেক দূরে ছুড়ে মারল খেলোয়াড়।
ব্যস, মাসকট তো খেপে আগুন! খ্যাপা ষাঁড়ের মতো পা মাটিতে ঘষে, দৌড়ে এসে খপ করে গিলে ফেলল খেলোয়াড়কে! গলাধঃকরণের পর কিছুক্ষণ পায়চারি করল দানব মাসকট! ‘হজম’টা ভালো হওয়ার জন্যই হয়তো! তবে হজম করতে পারল না বিরাট ‘খাদ্য’টাকে! এরপর মাসকটের মুখ থেকে একে একে বেরিয়ে এল খেলোয়াড়ের হেলমেট, জুতা, জার্সি! হজমে বড়সড় গণ্ডগোল দেখা দিল। একপর্যায়ে বমিই করে দিল। ‘বমি’ বলতে ওই খেলোয়াড় আর কী! সড়াত্ করে বেরিয়ে এল খাদ্যটা। শরীরে তাঁর শর্টস আর মোজা! বের হয়েই ভোঁ দৌড়! মাসকটও পিছু ধাওয়া করল কিছুক্ষণ। যে শিক্ষা হয়েছে, তাতে কী তাঁকে আর পাওয়া যায়!
বিষয়টি হয়তো সাজানো। তবে কুশীলবদের নিখুঁত ‘অভিনয়ে’ বিষয়টি এত প্রাণবন্ত ও উপভোগ্য হয়েছে, বহুদিন মনে থাকবে দর্শকদের। সূত্র: মেট্রো