খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি: নাভিদ আলম

প্রত্যাশাটা বিরাট কিছু নয়। মালয়েশিয়ার ইপোহতে অনুষ্ঠেয় এশিয়া কাপ হকিতে বাংলাদেশের লক্ষ্য ‘ভালো খেলা’। দিল্লিতে গত এপ্রিলে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে দারুণ পারফরম্যান্সের কারণে হকি এখন আগ্রহের কেন্দ্রে। হকিতে এশিয়ার সেরা দেশগুলোর বিপক্ষে এবারের এশিয়া কাপে বাংলাদেশ অনেক কিছু করে ফেলবে, এমন প্রত্যাশা কেউ করেন না। কিন্তু বিশ্ব হকি লিগের পারফরম্যান্সের ধারাবাহিকতা যে মালয়েশিয়াতেও বজায় থাকবে, এমন প্রত্যাশা সবারই। এশিয়া কাপের আগেই জাতীয় হকি দলের কোচের দায়িত্ব নিয়েছেন নাভিদ আলম। পাকিস্তান জাতীয় হকি দলের এই সাবেক খেলোয়াড় অলিম্পিক ও বিশ্বকাপের অভিজ্ঞতায় ঋদ্ধ। ৪০ দিন ধরে এই অলিম্পিয়ানের অধীনেই চলছে বাংলাদেশ জাতীয় হকি দলের নিবিড় অনুশীলন। এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য এবং এ-দেশীয় হকির বিভিন্ন দিক নিয়ে প্রথম আলো ডটকমের সঙ্গে নাভিদ আলমের একান্ত আলাপচারিতায় উঠে এসেছে তাঁর বিভিন্ন ভাবনা।
প্রশ্ন: কিছুদিন আগেই বাংলাদেশ হকির অভ্যন্তরীণ একটা ব্যাপারে আপনি কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন।গুটিকয়েক সাবেক খেলোয়াড় আপনাকে লাঞ্ছিত করেছিলেন।ব্যাপারটি কি আপনি কাটিয়ে উঠেছেন? বাংলাদেশ হকি দলকে প্রশিক্ষণ দিয়ে আপনি কি সন্তুষ্ট?
নাভিদ: দেখুন, আমি বিব্রতকর ওই ব্যাপারটি পেছনে ফেলে এসেছি। ওটা ভুলে গিয়ে এখন বাংলাদেশ হকি দলকে নিয়েই ভাবছি। আমার সঙ্গে আছে পুরো হকি ফেডারেশন—সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে সবাই। আমি আমার খেলোয়াড়দের পূর্ণ সমর্থন পাচ্ছি। প্রথম থেকেই বাংলাদেশের গণমাধ্যম আমার সঙ্গে রয়েছে। আমি ওটাকে একটা দুর্ঘটনা বলেই মনে করি। সবকিছু ছাপিয়ে আমার ধ্যান-জ্ঞান এখন বাংলাদেশের হকি। এশিয়া কাপ হকিতে আমাদের ভালো করতেই হবে।
প্রশ্ন: এশিয়া কাপের প্রস্তুতি কেমন হলো? আপনি কি মনে করেন, কটা দিন আগে দায়িত্ব পেলে বাংলাদেশ দলকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারতেন?
নাভিদ: আমি দলকে প্রস্তুত করার জন্য ৪০ দিন সময় হাতে পেয়েছি। আমাকে আগে আনা হলো কি হলো না, ওসব নিয়ে আমি ভাবি না। কারণ ওটা আমার হাতে ছিল না। আমি যতটুকু সময় পেয়েছি, খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার কাজ করেছি। টেকনিক্যাল-ট্যাকটিক্যাল ব্যাপারগুলোও হাতে-কলমে শেখানোর চেষ্টা করেছি। দলের খেলোয়াড়েরা এই ৪০ দিন অসম্ভব পরিশ্রম করেছে। তারা ভালো কিছু করতে মুখিয়ে আছে। এখন অপেক্ষা কেবল মূল লড়াইয়ের। এই কটা দিন খেলোয়াড়েরা যা কিছু শিখেছে, সেগুলো মাঠে ভালোভাবে প্রয়োগ করতে পারা না-পারার ওপরই নির্ভর করছে সবকিছু। আমার বিশ্বাস, আমার খেলোয়াড়েরা দেশের মুখ উজ্জ্বল করবেই।
প্রশ্ন: গত ৪০ দিন বাংলাদেশ হকি দলের কোচ হিসেবে আপনার অভিজ্ঞতা কেমন?
নাভিদ: কোচিংয়ের অভিজ্ঞতা আমার নতুন নয়। বেশ কয়েক বছর আমি চীনে কাজ করেছি। কিন্তু বাংলাদেশে এসে যেটা নিয়ে আমি সন্তুষ্ট সেটা হলো, এখানে হকির সঙ্গে জড়িত প্রায় সবাই ভালো কিছুর জন্য মুখিয়ে আছে। হকি স্টেডিয়ামের গেট দিয়ে ঢোকার সময় ওই গেট কিপারের চেহারায়ও আমি প্রত্যাশার ছায়া দেখেছি। খেলোয়াড়েরা শত প্রতিকূলতা সত্ত্বেও দুর্দান্ত পরিশ্রম করছে। ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক খেলোয়াড়—প্রায় সবাই চায় জাতীয় হকি দল এশিয়া কাপে ভালো কিছু করুক। আমি বাংলাদেশ হকি দলের দায়িত্ব নেওয়ার শুরুর দিন থেকেই গণমাধ্যমের কাছ থেকে নানা ধরনের সহযোগিতা পাচ্ছি। সব মিলিয়ে আমি দারুণ সন্তুষ্ট।
প্রশ্ন: এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো প্রতিপক্ষ।যেকোনো বিচারেই এই দুটি দেশ হকিতে বাংলাদেশের চেয়ে অনেক অনেক শক্তিশালী।এশিয়া কাপে কি আসলেই বাংলাদেশের পক্ষে ভালো কিছু করা সম্ভব?
নাভিদ: খেলায় তো জয়-পরাজয় থাকবেই। জয়-পরাজয় নিয়ে ভাবলে চলবে না। ভালো খেলতে হবে। দেশের জন্য নিজেদের শেষ রক্তবিন্দু উজাড় করে দিতে হবে। আমাদের মূল লক্ষ্য, বাংলাদেশের হকিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা। বিশ্ব হকিতে একটা শক্ত অবস্থান নেওয়া। উন্নতির ধারা আগামী দিনেও সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এশিয়া কাপই তো সব নয়। হ্যাঁ, অবশ্যই দক্ষিণ কোরিয়া ও ভারত আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল। শেষবার কোরিয়ার সঙ্গে বোধ হয় বাংলাদেশ নয় গোল হজম করেছিল। এপ্রিলে ভারতের বিপক্ষে দিল্লির ওয়ার্ল্ড হকি লিগের বাছাইপর্বে বাংলাদেশ হেরেছে ৫-১ গোলে। এবার আমাদের লক্ষ্য ভালো খেলা। মাঠে দক্ষিণ কোরিয়া ও ভারতকে পরীক্ষায় ফেলা। ওমানকে হারাতেই হবে। এশিয়া কাপে একমাত্র ওমানের বিপক্ষেই আমরা ফেবারিট।
প্রশ্ন: দক্ষিণ কোরিয়া ও ভারতের বিপক্ষে খেলার জন্য বিশেষ কোনো প্রস্তুতি বা পরিকল্পনা কি আপনাদের আছে?
নাভিদ: আমরা কঠিন পরিস্থিতি তৈরি করে (স্ট্রেস সিচুয়েশন) অনুশীলন করছি। কোরিয়ার দ্রুতগতির আক্রমণ কিংবা ভারতীয় খেলোয়াড়দের স্টিকওয়ার্ক মোকাবিলা করার জন্য সে অনুযায়ী পরিস্থিতি তৈরি করছি। আবার দুজন রক্ষণের খেলোয়াড়ের বিপরীতে চার-পাঁচজনের কাউন্টার অ্যাটাক ঠেকানোর অনুশীলনও করছি। আশা করছি এগুলো কাজে লাগবে।
প্রশ্ন: জাতীয় হকি দলে পুরো সময়ের জন্য কোনো ফিজিও নেই।আলাদা ট্রেনারও নেই।আধুনিক হকির এই অনুষঙ্গগুলো ছাড়াই আপনি একটি দলকে প্রস্তুত করছেন।ব্যাপারটি কীভাবে দেখছেন?
নাভিদ: বাংলাদেশ হকি দলের সঙ্গে যে ফিজিও আছেন, উনি খুব ভালো কাজ করছেন। দলে আপাতত কোনো ইনজুরি সমস্যা নেই। আমি চীনে ট্রেনার হিসেবে অনেক দিন কাজ করেছি। সুতরাং, আমার দলে আপাতত ট্রেনার না হলেও চলছে। আমিই চালিয়ে নিচ্ছি।ভবিষ্যতে এই বিষয়গুলো প্রয়োজন হতে পারে। ফেডারেশনকে বলেছি, ভবিষ্যতে হয়তো বা এগুলো পেয়েও যাব।
প্রশ্ন: এশিয়া কাপে তাহলে বাংলাদেশের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই !
নাভিদ: লক্ষ্য থাকবে না কেন? লক্ষ্য অবশ্যই আছে। লক্ষ্য ভালো খেলা। দক্ষিণ কোরিয়া ও ভারতের সঙ্গে লড়াই গড়ে তোলা। ওমানকে হারানো। আট জাতির প্রতিযোগিতায় পঞ্চম হতে পারলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব। হকি-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও দেশবাসীও খুশি হবে।
প্রশ্ন: এশিয়া কাপের পর বাংলাদেশের হকি নিয়ে আপনার পরিকল্পনা কী?
নাভিদ: কোচিং ডিরেক্টর হিসেবে আমি ইতিমধ্যেই হকি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আমার পরিকল্পনা তুলে ধরেছি। আমি তৃণমূলে যেতে চাই। বাংলাদেশের হকিকে একটা নির্দিষ্ট সিস্টেমে নিয়ে আসতে চাই। এজন্য আমি সবার সহযোগিতা চাই।
প্রশ্ন: আপনি ১৯৯৯ সালে একবার ঢাকা হকি লিগে ঊষা ক্রীড়া চক্রের হয়ে খেলতে এসেছিলেন।এবার কোচ হিসেবে এসে কী কী পরিবর্তন লক্ষ করছেন?
নাভিদ:’৯৯ সালে আমি খেলোয়াড় হিসেবে এসেছিলাম। তখন কাজ ছিল মাঠে গিয়ে ভালো খেলা, আর কিছু নয়। এবার এসেছি জাতীয় দলের কোচ হিসেবে। আগে দায়িত্বের ব্যাপার অতটা ছিল না। এখন পুরো দেশের প্রত্যাশার ভার কাঁধে নিয়েছি। দুটো পুরোপুরি ভিন্ন পরিস্থিতি। তবে এবার এসে আমি খুব অবাক হয়েছি স্টেডিয়ামে দর্শক না দেখে। ’৯৯ সালের দিকে মওলানা ভাসানী স্টেডিয়ামে ১০/১৫ হাজার দর্শক নিয়মিত খেলা দেখত। ঘরোয়া হকিতে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা ছিল। এবার এসে দেখলাম, এ দেশের মানুষের হকির প্রতি আগ্রহ কমে গেছে। ব্যাপারটি আমাকে দুঃখ দিয়েছে। তবে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সকে ঘিরে আগ্রহটা আবার ফিরে এসেছে। এটা ধরে রাখতে হবে।