খেলোয়াড়দের দেশপ্রেম নিয়ে প্রশ্ন

এশিয়া কাপ হকির ব্যর্থতা ভুলে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ যুবদল নিয়ে কাজ শুরু করেছেন কোচ নাভিদ আলম। বাংলাদেশের হকির সমস্যাগুলো কোথায় সেটা গত আড়াই মাসে ভালোই বুঝে গেছেন। সিনিয়র নয়, জুনিয়রদের মাঝেই হকির ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এই অলিম্পিয়ান।
বয়সভিত্তিক দলগুলো নিয়ে নাভিদের পরিকল্পনাটা এ রকম, ‘অনূর্ধ্ব-১৬, ১৮, ২১ এবং ‘এ’ দলের খেলোয়াড়েরাই এ দেশের ভবিষ্যৎ। শুধু ৩০ জনের ওপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে না।’ ধাপে ধাপে এই খেলোয়াড়দের সুযোগ দিয়ে বেছে নিতে চান সেরা খেলোয়াড়দের, ‘পরিকল্পনাটা তিন বছর মেয়াদি। এই সময় ভারত, পাকিস্তান, কোরিয়ার বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে খেলবে ওরা। মূলত ২০১৮ এশিয়ান গেমস ও বিশ্বকাপ মাথায় রেখেই ওদের গড়ে তোলা হবে।’ নাভিদের কাছে জরুরি খেলোয়াড়দের সুশৃঙ্খল হওয়া এবং শিক্ষার সঙ্গে দেশপ্রেম থাকা। তবে কি এশিয়া কাপের বাংলাদেশ দলের খেলোয়াড়দের দেশপ্রেমের অভাব দেখেছেন পাকিস্তানি কোচ? নাভিদের উত্তর পরিষ্কার, ‘এশিয়া কাপে অনেক খেলোয়াড়ের মধ্যে খারাপ অভ্যাস (ম্যাচে স্টিক কাঁধে তুলে দাঁড়িয়ে থাকা) দেখেছি। ওদের অনেকের মধ্যেই দেশপ্রেমের বড় অভাব দেখেছি।’
বড় দলের বিপক্ষে ম্যাচের আগেই হেরে যাওয়ার মানসিকতাটা মানতে পারছেন না তিনি, ‘ভারত, কোরিয়ার বিপক্ষে খেলার আগেই মানসিকভাবে হেরে বসে ছিল ছেলেরা। এটা ঠিক নয়।’ এশিয়া কাপে ওমানের বিপক্ষে হারটা বিস্ময়কর ঠেকেছে নাভিদের কাছে, ‘আমার জীবনে কাউকে এমন বাজে খেলতে আর দেখিনি। প্রথমার্ধে আমরা সাত-আটটা সহজ সুযোগ নষ্ট করেছি। দ্বিতীয়ার্ধে কয়েকটা জঘন্য গোল খেয়েছি। জাতীয় দলের কেউ এভাবে সুযোগ নষ্ট করতে পারে না। আমি খুবই অবাক হয়েছি। টেকনিক্যালি ওমান আমাদের চেয়ে মোটেও ভালো দল না।’
মালয়েশিয়া যাওয়ার আগের পরিস্থিতিও অনেকাংশে দায়ী এই ভরাডুবির জন্য। বললেন সেটাও, ‘একটা দল এশিয়া কাপে যাবে, অথচ ঠিক আগে ঘরোয়া রাজনীতিতে জড়িয়ে পড়ল, ক্যাম্প বর্জন করল। আমরা মুখে মুখেই বলেছি যে ষষ্ঠ হব। কিন্তু মাঠে খেলেই তো সেটা প্রমাণ করতে হবে।’
বাংলাদেশ হকি দলের পাকিস্তানি কোচ মনে করেন, ৪৫ দিনে একটা দলকে নিখুঁত করে গড়ে তোলা খুব কঠিন। তাঁর মতে বাংলাদেশের আত্মবিশ্বাসের পরিধিও ছোট, ‘আমাদের আত্মবিশ্বাসের যে লেভেল সেটা “সি” বা “ডি” ক্যাটাগরির টুর্নামেন্টের জন্য। এশিয়া কাপ বা বিশ্বকাপে খেলার আত্মবিশ্বাস এখনো তৈরি হয়নি। এ জন্য বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। তবে আমি খুব খুশি, এই দলের সবাই কঠোর পরিশ্রম করতে পারে।’
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ছুটি কাটাতে পাকিস্তান যাবেন কোচ। যাওয়ার আগে এশিয়া কাপ নিয়ে নিজের প্রতিবেদন দিয়ে যাবেন। দুটি প্রতিবেদনের একটি খুবই গোপনীয়। সেটি দিয়ে যাবেন ফেডারেশনের সভাপতিকে।