খেলোয়াড়ের আগে আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাধুলায় আনসারের পুরোনো ঐতিহ্যটা হয়তো শেষই হয়ে যাচ্ছে। ‘আগে আনসার হও, পরে খেলোয়াড়’—এমন নীতি নিয়েই এগোচ্ছে বাংলাদেশ আনসার। ফলে খেলাধুলায় আনসারের পৃষ্ঠপোষকতা অনেকটাই হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন ক্রীড়াঙ্গনের অনেকে।
আনসারের সব খেলোয়াড় ও কোচকে এরই মধ্যে পাঠানো হয়েছে স্ব স্ব ইউনিটে। অনেকে ইউনিটে যোগও দিয়েছেন। কেউ কেউ ইউনিটে না গিয়ে আনসার থেকে পদত্যাগের জন্য আবেদন করেছেন। যাঁরা ইউনিটে যোগ দিয়েছেন, তাঁরাও বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না। সব মিলিয়ে একটা শঙ্কা কাজ করছে খেলোয়াড়দের মধ্যে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারোত্তোলক কাল বললেন, ‘এভাবে চলতে থাকলে খেলোয়াড়েরা ধ্বংস হয়ে যাবে। তিন-চার দিন ইউনিটে এসেছি কিন্তু প্র্যাকটিস করার কোনো সরঞ্জাম নেই।’
শ্যুটার শারমিন আক্তার রত্না, বক্সার জুয়েল আহমেদ, কারাতের জ উ প্রু, মুন্নি খানম, হাসান খান (সান) ও হোসেন খান (মুন), গলফের শাখাওয়াত হোসেন (দুলাল), উশুর ইতি ইসলাম—তাঁদের হাত ধরেই সর্বশেষ এসএ গেমসে বাংলাদেশ জেতে ১১টি সোনা। বাংলাদেশের বাকি ৭টি সোনা জেতেন অন্য সংস্থার খেলোয়াড়েরা। অবস্থা এমন দাঁড়িয়েছে, ব্যাটালিয়নে যোগ দিয়ে খেলোয়াড় পরিচয়টাই আর থাকবে না। খেলোয়াড়দের অনেকেই পড়াশোনা করছেন, কেউ বা খেলার পাশাপাশি অন্য পেশায়ও যুক্ত। এই মুহূর্তে ইউনিটে যোগ দেওয়া নিয়ে তাঁরা তাই পড়েছেন দ্বিধায়।
খেলা নয়, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল নাজিমউদ্দিন সংস্থার অতীত ইতিহাস তুলে ধরে এটি গঠনের উদ্দেশ্যকেই প্রাধান্য দিলেন কাল, ‘আনসারের প্রধান কাজ জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন করা। খেলাধুলা আমাদের প্রশিক্ষণের অংশ। এটা আমাদের জন্য বিনোদন নয়। তা ছাড়া আনসার অলিম্পিকে যাওয়ার জন্য খেলে না।’
আনসারের খেলোয়াড়দের নিয়োগের পুরো প্রক্রিয়াটা ঢেলে সাজাতে চান আনসারের মহাপরিচালক, ‘আমরা খেলোয়াড়দের জন্য সফিপুরে অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছি। সেখানে ১২ মাস তারা অনুশীলন করতে পারবে। সব খেলোয়াড়ের স্থায়ী ঠিকানা হবে সফিপুর।’ হ্যান্ডবল, ভলিবল, কাবাডি কোর্ট থাকলেও সফিপুরে সুইমিং পুল ও শ্যুটিং রেঞ্জ নেই। সাইক্লিং করার মাঠও নেই। তাহলে এসব খেলার খেলোয়াড়েরা কোথায় যাবেন? তাঁর উত্তর, ‘এমনও হতে পারে, এসব খেলা আমরা খেলব না।’
আনসার খেলোয়াড়দের বেশির ভাগেরই চাকরি অস্থায়ী। তাঁর যুক্তি, তাঁদের চাকরি স্থায়ী করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে, ‘ব্যাটালিয়নে নয় বছর চাকরি করলে স্থায়ী হয়। এখন চেষ্টা করছি সেটা শূন্য বছরে নামিয়ে আনার। তাহলে অবসরের সময় অন্যদের সঙ্গে খেলোয়াড়দেরও কোনো পার্থক্য থাকবে না।’ আনসারে ২৫টি ডিসিপ্লিনে খেলছেন ২৫০ জন খেলোয়াড়। সংখ্যাটা আরও বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানালেন মহাপরিচালক। তবে খেলোয়াড়দেরও স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।