খেলোয়াড় ছাড়েনি শেখ রাসেল
ঈদের দুদিন পরও স্টেডিয়ামপাড়া সুনসান থাকলেও বাফুফে ভবনটা ছিল ব্যতিক্রম। জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দলের সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্পে ৩৭ খেলোয়াড়ের রিপোর্টিং ছিল কাল। কিন্তু যথারীতি ক্যাম্পের শুরুতেই হলো নাটক। এটা যেন অলিখিত নিয়মই এখন। জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড় ছাড়তে গড়িমসি করবে ক্লাবগুলো। এর আগে ৮১ জন খেলোয়াড়কে নিয়ে হওয়া ১০ দিনের ক্যাম্পের শুরুতে খেলোয়াড় ছাড়েনি শেখ জামাল ধানমন্ডি। এবার জাতীয় দলের ক্যাম্পে নিজেদের ৯ জন খেলোয়াড়কে ছাড়ল না সদ্য ফেডারেশন কাপজয়ী শেখ রাসেল ক্রীড়াচক্র। দুপুর নাগাদ বাকি সব খেলোয়াড়ই চলে আসেন বাফুফে ভবনে। আগামী ১৮ নভেম্বর জাতীয় দলের ব্যাংকক ও ডিসেম্বরে অনূর্ধ্ব-২৩ দলের শ্রীলঙ্কা সফরের জন্যই ডাকা হয়েছে এই ক্যাম্প। কিন্তু গত পরশু বাফুফে হঠাৎ ঠিক করেছে নেপালের শাফাল পোখারা কাপে অনূর্ধ্ব-২৩ দল পাঠানো হবে। এই টুর্নামেন্টে গতবার শেখ জামাল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল থেকে শুরু টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ৬ নভেম্বর। ফাইনাল ১০ নভেম্বর।আপাতত এই টুর্নামেন্ট সমস্যার একটা সমাধান দিয়েছে। অনূর্ধ্ব-২৩ দল এখনই নেপাল যাবে বলে আপাতত জাতীয় দল নিয়ে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন কোচ সাইফুল বারী। ৩৭ জনের মধ্যে অনূর্ধ্ব-২৩ দলের ২০ জনকে রেখে বাকিদের ছুটি দিয়ে দেওয়া হয়। অনূর্ধ্ব-২৩ দল নিয়ে বিকেলে অনুশীলনের জন্য কমলাপুরে স্টেডিয়ামে ছোটেন কোচ । কিন্তু প্রশ্ন হলো, শেখ রাসেল খেলোয়াড় ছাড়ল না কেন? ক্লাবটির সভাপতি নুরুল আলম চৌধুরীর যুক্তি, ‘জাতীয় দলের কর্মসূচি আমাদের আগে জানাতে হবে। নইলে এমন সমস্যা হবেই। আমাদের নিজস্ব একটা পরিকল্পনা আছে। সে অনুযায়ীই আজ (কাল) আমরা ঈদের পর নিজেদের অনুশীলন শুরু করেছি। তার জন্যই খেলোয়াড় ছাড়তে পারিনি।’ক্লাব বনাম জাতীয় দল চিরন্তন দ্বন্দ্বটা আবারও বেরিয়ে পড়েছে বাংলাদেশের ফুটবলে। জাতীয় দলে রিপোর্ট করে কোথায় খুশি থাকবেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক জিয়া, উল্টো দলের অনুশীলনে যাওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হয় ক্লাব থেকে। বেচারা বাফুফে ভবনে দুপুরবেলা রীতিমতো হাঁসফাঁস করছিলেন। ওদিকে শেখ জামালের দুই সিনিয়র খেলোয়াড় শাকিল ও নাসির দুপুরে রিপোর্ট করেই চলে যান। সন্ধ্যায় অনূর্ধ্ব-২৩ দলে থাকা জামালের অন্য খেলোয়াড়েরাও ক্লাবে রিপোর্ট করার জন্য বাফুফে ভবন ত্যাগ করেন। ফলে অনূর্ধ্ব-১৩ দলে খেলোয়াড় থাকেন মাত্র ১৩ জন। তবে ঈদ-পূজা শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে কয়েকটা ঘণ্টা গল্পগুজব করেই কাটিয়েছেন সুজন-ওয়ালিসহ অন্য সিনিয়র খেলোয়াড়েরা।