খেলোয়াড় নম্বর ১০৩!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নেওয়ার পর ১০২ জন খেলোয়াড়কে ডেকেছেন ডিয়েগো ম্যারাডোনা। এ-ক শ দু-ই জন! সেটাও মাত্র ১৫টি ম্যাচে। ১০২ জন, মাত্র এক বছরে! কতটা বাড়াবাড়ি, খ্যাপাটেপনা তুলনা করে নিন ফ্যাবিও ক্যাপেলোর সঙ্গে। ওই একই সময় ইংল্যান্ড কোচ দলে ডেকেছেন ৩৩ জনকে।যেকোনো বোধবুদ্ধি, সাধারণ বিবেচনায় এই ‘১০২’ অস্বাভাবিক একটা সংখ্যা। যেটি সুনির্দিষ্টভাবে বলে দেয় আর্জেন্টিনা দলটি কী রকম অনিশ্চয়তা আর অনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে। সর্বশেষ যে দলটি ম্যারাডোনা খেলালেন, সেখানেও ৫ জন নতুন খেলোয়াড়। যাঁদের বেশির ভাগেরই বিশ্বকাপের ২৩ জনের দলে ঠাঁই পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে ম্যারাডোনার হাতে আছে আর চার মাস এবং তিনটি প্রীতি ম্যাচ। দলে পারস্পরিক বোঝাপড়া, বন্ধন সুদৃঢ় করতে প্রতিটি ম্যাচকেই নিতে হবে একটি সুযোগ হিসেবে। কিন্তু ম্যারাডোনা ভাবছেন কম গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচগুলোতে দলের তারকা খেলোয়াড়দের খেলানোর চেয়ে অন্যদের সুযোগ দিয়ে দেখাটাই জরুরি। এ জন্যই আর্জেন্টিনার লিগে খেলা মাঝারি মানের খেলোয়াড়টিরও আকাশি-সাদা জার্সি পরে মাঠে নামার সৌভাগ্য হয়ে গেছে। আর্জেন্টিনার সমর্থকেরা মনেপ্রাণে প্রার্থনা করে, সংখ্যাটা যেন ‘১০৩’ না হয়ে যায়। যথেষ্ট হয়েছে। আর না।থেমে যেতই। কিন্তু এরই মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে, সংখ্যাটা ১০৩ হওয়ার সম্ভাবনাই এখন প্রবল। কারণ, যে ঘটনাটি ঘটেছে, গত দুই বছরে সেটি ঘটেনি। ঘটেনি ২০০৮ সালের ১৮ এপ্রিলের পর থেকে।গ্যাব্রিয়েল মিলিতো আবারও নেমেছেন মাঠে!রিয়াল জারাগোজায় চার বছরের সফল যাত্রা শেষে ২০০৭-এ আর্জেন্টাইন সেন্টার ব্যাক পাড়ি জমান বার্সেলোনায়। বড় ভাই ডিয়েগো মিলিতোকে জারাগোজায় রেখেই চলে আসেন ন্যু ক্যাম্পে। শুরুটা ভালোই করেছিলেন। রক্ষণ সামলে গোল করেছিলেন একটা। কিন্তু ২০০৮-এর এপ্রিলে ক্যারিয়ার-বিনাশী এক ইনজুরি বাসা বাঁধে তাঁর হাঁটুতে। মাঠের বাইরে চলে যান দুই বছরের জন্য।গত সপ্তাহে সেই মিলিতো প্রথমবারের মতো ৯০ মিনিট খেললেন বার্সেলোনার হয়ে। খেললেন দুর্দান্ত। গতিতে দ্রুত, জায়গা নেওয়ায় তত্পর, প্রতিপক্ষের আক্রমণ ভেস্তে দেওয়ায় চতুর, বল পায়ে আত্মবিশ্বাসী—মনেই হয়নি, মিলিতো মাঠে ছিলেন না দুই বছর। অনভ্যাসে মরচে ধরেনি তাঁর বুটজোড়ায়।গত শনিবার গেটাফের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ে বড় অবদান আছে তাঁর। মাত্র ২৫ মিনিটের মাথায় লাল কার্ড দেখে বার্সেলোনা হারিয়ে ফেলেছিল সেন্টার ব্যাক জেরার্ড পিকেকে। কিন্তু মিলিতো বুঝতে দেননি রক্ষণভাগের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের অনুপস্থিতি। আঁচ লাগতে দেননি গায়ে।রক্ষণে অধিনায়ক কার্লোস পুয়োল ছিলেন না। ছিলেন না দানি আলভেজ। এর মধ্যে পিকেকে হারিয়ে ফেলায় মাঝমাঠ থেকে নিচে নেমে এসে মিলিতোকে সঙ্গ দিয়েছেন ইয়াইয়া তোরে। সেই তোরেও ৫৮ মিনিটে উঠে যান চোট নিয়ে। নেমেছেন রাফা মারকেজ। সেই মারকেজ নিজে দেখেছেন দলের দ্বিতীয় লাল কার্ড। শেষ ছয় মিনিট, বার্সেলোনায় তিন পয়েন্ট রক্ষার মহাগুরুত্বপূর্ণ শেষ ছয় মিনিট মিলিতো আগলে রেখেছেন একা। নিঃশঙ্কচিত্তে।শিগগিরই নিজের দলটা ২৩ জনে নামিয়ে আনবেন ম্যারাডোনা। তবে তার আগে, নড়বড়ে রক্ষণভাগের আর্জেন্টিনাকে শক্তপোক্ত করতে খেলোয়াড় ডাকার তালিকাটা আবারও একটু বড় করতে হবে তাঁকে। ১০৩ নম্বর—গ্যাব্রিয়েল মিলিতো!