খেলোয়াড় মেসি, মানুষ মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ মাঠে ইন্দ্রজালের পরশ বোলান। বল নিয়ে করতে পারেন অবিশ্বাস্য সব কারিকুরি, গোল করাটা তাঁর কাছে যেন পৃথিবীর সহজতম কাজ। লিওনেল মেসির খেলা দেখতে পারাটা ফুটবল-ভক্তদের জন্য সৌভাগ্যেরই বিষয়। তবে মেসি নিয়ে মাঠ নয়, মাঠের বাইরের জীবনের প্রাপ্তিগুলোকেই মানেন পরম সৌভাগ্য। মাঠে প্রতিপক্ষকে ছিঁড়েখুঁড়ে ফেলতে যতটা সিদ্ধহস্ত, মাঠের বাইরে যেন তার বিপরীত প্রতিচ্ছবি। সেখানে তিনি চলেন পাদপ্রদীপের আলো বাঁচিয়ে, স্থিরতার এক আদর্শ প্রতিমূর্তিই যেন। তাই একজন ভালো খেলোয়াড় থেকে ভালো মানুষ হওয়াটাই তাঁর কাছে প্রাধান্য পায় বেশি, ‘বিশ্বের সেরা ফুটবলার হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হয়ে ওঠার দিকেই আমার আগ্রহ বেশি। সবকিছু শেষ হয়ে গেলে আপনি কী নিয়ে বাঁচবেন?’ ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন টানা তিনবার, এবারও পুরস্কারটা তাঁর হাতে দেখতে চাওয়া লোকের সংখ্যাই বেশি। কিন্তু মেসির কাছে ফুটবলটা শেষ পর্যন্ত দলীয় খেলাই। তাই ব্যক্তিগত প্রাপ্তির খাতাকে সরিয়ে রেখে দলের ভাবনাটাই তাঁর কাছে আগে। গতকাল স্প্যানিশ দৈনিক এল-পাইসকে দেওয়া সাক্ষাৎকারে অতলস্পর্শী আর্জেন্টাইন প্রতিভা বলেছেন, ‘ব্যক্তিগত কোনো পুরস্কার জয় বা অনেক অনেক গোল করার চেয়ে দলের হয়ে শিরোপা জেতাকেই আমি প্রাধান্য দিই।’ ২৩ বছর বয়সেই হাতে উঠেছে জাতীয় দলের অধিনায়কের বাহুবন্ধনী। এটা হয়েছে নেতৃত্বগুণের সঙ্গে তাঁর গ্রহণযোগ্যতার কারণেই। বরাবরই এড়িয়ে চলেন উটকো বিতর্ক, এ কারণেই সতীর্থদের মাঝে দারুণ জনপ্রিয়। ক্যারিয়ার শেষে নিজের সুনামটা ধরে রাখতে চান বার্সেলোনার ‘দশ নম্বর’, ‘আমি যখন অবসর নেব, চাইব লোকে আমাকে ভালো মানুষ হিসেবে মনে রাখুক। আমি গোল করতে পছন্দ করি, কিন্তু সেই সঙ্গে যাদের সঙ্গে খেলি তাদের বন্ধুতাও আমি চাই।’ মাস দুয়েক আগে গোল উদ্যাপনের মাধ্যমে আভাস দিয়েছিলেন তাঁর প্রিয়তমা আন্তোনেলা রোকুজ্জো সন্তানসম্ভবা। খবরটার আরও হালনাগাদ করলেন আরও আনন্দের সঙ্গে, ‘সামনের মাসেই ঘর আলো করে আসছে পুত্রসন্তান। নামটাও ঠিক করে ফেলেছেন, ‘থিয়াগো’। মাঠে অবশ্য পারিবারিক জীবনের কোনো প্রভাব নেই। নিন্দুকেরা বলে আসছিল, নতুন কোচ টিটো ভিলানোভার সঙ্গে একটা প্রচ্ছন্ন সংঘাত আছে মেসির। কিন্তু যাঁকে চেনেন কৈশোরের ‘লা মেসিয়া’ থেকে, তাঁর সঙ্গে সম্পর্কটা অন্তরঙ্গ না হয়ে পারে? মেসিও সেটাই করলেন নিশ্চিত, ‘পেপের জায়গায় আসছেন টিটো, এই খবরটাই আমার কাছে ছিল আনন্দের। টিটোই প্রথম যে আমার ওপর ভরসা করেছিলেন, যখন আমি শুধু বদলি হিসেবে নামতাম, অনূর্ধ্ব-১৬-তে সে-ই প্রথম আমাকে সুযোগ দেয়। আমি তাঁকে ভালোই জানি। তাঁর মন খোলা। সব কথাই তিনি নির্দ্বিধায় বলেন। আমি এটা পছন্দ করি।’ চাকচিক্যভরা ফুটবল দুনিয়ায় যেখানে অনেকে হরহামেশাই জন্ম দেন বেখবরের, সেখানে মেসি এক উজ্জ্বল ব্যতিক্রম। খেলোয়াড় মেসির পাশে মানুষ মেসিও তাই প্রজ্জ্বল আপন মহিমায়। রয়টার্স।