খেলোয়াড়দের কাঠগড়ায় দাবার ম্যানেজার
সংযুক্ত আরব আমিরাতে বিশ্ব সিটি দাবা চ্যাম্পিয়নশিপ খেলে দেশে ফেরার পর দলের ম্যানেজারকে কাঠগড়ায় তুলেছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ, আবু সুফিয়ান (শাকিল) ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি। গত ৩০ ডিসেম্বর দেশে ফিরে ২ জানুয়ারি ফেডারেশন বরাবর লিখিত অভিযোগে তিন দাবাড়ু উল্লেখ করেন, দলের ম্যানেজার সাইফউদ্দিন লাভলু তাঁদের না জানিয়েই দুই দিন আগে দেশে ফিরেছেন। সেখানে তিনি দলগত কোনো সভা করেননি এবং খেলোয়াড়দের সঙ্গে তাঁর কোনো সমন্বয়ও ছিল না। এমনকি আয়োজকদের পক্ষ থেকে দেওয়া সম্মাননা ক্রেস্টও দেননি খেলোয়াড়দের।তবে সব অভিযোগ অস্বীকার করে সাইফউদ্দিন জানান, ‘এসব মোটেও সত্য নয়। নিয়ম হলো প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পরই চলে আসতে হয়। আর থাকলে আলাদা বিল দিতে হয়। আয়োজকেরা আমাদের যে হোটেলে রেখেছিলেন, সেখানে বাকি দুই দিন থাকতে হলে অতিরিক্ত ২০০ ডলার করে দিতে হতো প্রতিদিন। জিয়াউর রহমান (গ্র্যান্ডমাস্টার) আমার অনুমতি নিয়ে চলে যান দুবাইতে। এরপর নিয়াজ মোরশেদ ও আমি একসঙ্গে দেশে ফিরি। তবে শুনেছিলাম, বাকিরা নাকি আরবিটারদের ডরমিটরিতে থাকবে। সেখানে আমাদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ ছিলেন। ফলে আমি বলব ওরা অভিভাবকশূন্য হয়ে যায়নি।’ প্রতিটি ম্যাচ শেষে দলের নিয়মিত সভা না করলেও সবার সঙ্গে নিয়মিত কথা হতো বলে দাবি করেছেন তিনি, ‘ওরা প্রতিদিন আমাদের কক্ষে এসেছে। একসঙ্গে খেলতে গিয়েছি ভেন্যুতে। তাই নিয়মিত আলাপ-আলোচনা হতো।’ সম্মাননা ক্রেস্টের ব্যাপারে তাঁর ব্যাখ্যা, ‘সেগুলো হারুনের কাছে আছে। তাঁর কাছ থেকে সংগ্রহ করা যাবে।’ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর বিব্রত ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক জানিয়েছেন, ‘আমি অভিযোগ পাওয়ার পরই ম্যানেজারের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলেছি। বিষয়গুলোর ব্যাখ্যা চেয়ে তাঁকে কারণ দর্শানো চিঠিও দেওয়া হয়েছে। আগামী কার্যনির্বাহী কমিটির সভায় সবার মতামত নিয়ে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব।’প্রসঙ্গত, বিশ্ব সিটি দাবার শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ঢাকা সিটি।