ক্লাবপাড়া, স্টেডিয়াম প্রাঙ্গণ, চায়ের আড্ডা। এই ম্যাচটা হয়তো কোথাও এখন তেমন আলোচনার খোরাক নয়। তবে খেলোয়াড়েরা ভেতরে ভেতরে উত্তাপটা ঠিকই টের পান। মাঠে নেমে নিজের সেরাটা দিতে তাই পণ করেন। যেমনটা আজ করছেন আরেকটি আবাহনী-মোহামেডান লড়াই সামনে রেখে। এই তালিকায় নবীন-অভিজ্ঞ সব খেলোয়াড়ই আছেন। অনেক আবাহনী-মোহামেডান ম্যাচ খেলা সাদা-কালো দলটির ডিফেন্ডার হাসান আল মামুনের কাছে এই ম্যাচটা এখনো সেই আগের মতোই, ‘এটা ঠিক, আগের উত্তাপ নেই। কিন্তু আমরা খেলোয়াড়েরা ঠিকই আলাদা করে প্রস্তুতি নিই। মর্যাদার ব্যাপার তো থাকেই।’এক সময় আবাহনী-মোহামেডান ছিল একে অন্যের একমাত্র প্রতিদ্বন্দ্বী! সেই দিন শেষ বেশ আগেই। এ বছর মুক্তিযোদ্ধা, শেখ জামাল, শেখ রাসেলের সঙ্গে বড় দলের তালিকায় আছে বিজেএমসিও। তাই বড় ম্যাচ বেড়েছে অনেক। অবস্থা এমন যে, কাগজের হিসাবে বর্তমান আবাহনী-মোহামেডানের কোনো তুলনাই হয় না। আবাহনী-মুক্তিযোদ্ধা বা আবাহনী-শেখ জামাল যতটা বড় ম্যাচ এবং শিরোপা নির্ধারণে গুরত্বপূর্ণ হয়ে উঠছে, আবাহনী-মোহামেডান তা নয়। আবাহনী কাগজ-কলমে এবার এক নম্বর। মোহামেডানকে আপনি ফেলতে পারেন ছয়ে। কিন্তু মোহামেডানকে খাটো করে দেখার ঝুঁকি নিতে চান না আবাহনীর ডিফেন্ডার সুজন, ‘মোহামেডান যে টিমই হোক অবাহনীর সঙ্গে দুর্বার। আমরা তা মাথায় রেখেই খেলব।’ দুই দলের জার্সিরই অনেক শক্তি। মনে করিয়ে দিলেন আবাহনীর মিডফিল্ডার প্রাণতোষ, ‘আবাহনী-মোহামেডান ম্যাচে কেউই এগিয়ে বা পিছিয়ে থাকে না। জার্সির ভার আছে। মাঠে খেলেই জিততে হবে।’গত চারটি বাংলাদেশ লিগের আট ম্যাচে তিন জয় আবাহনীর। মোহামেডান জিতেছে একবার। বাকি চারটি ড্র। আবাহনী গোল করেছে ৭টি, মোহামেডান ৫টি। চলমান লিগে আবাহনী তাদের প্রথম দুটি ম্যাচই জিতেছে। একটি ম্যাচ খেলে মোহামেডান তাতে জিতেছে। তবে দুই দলের কাছে এসব নিছকই পরিসংখ্যান। কাল বুয়েট মাঠে অনুশীলন শেষে মোহামেডানের কোচ এমেকার কথায়ও বোঝা গেল উত্তাপ, ‘আবাহনী-মোহামেডান ম্যাচ আমি নিজেও খেলেছি। এখন কোচ হিসেবেও ভীষণ চাপ লাগছে।’ মোহামেডানের মিডফিল্ডার মতিউর মুন্নারও একই কথা, ‘প্রতিটি খেলোয়াড়ের মধ্যে আবাহনী-মোহামেডান ম্যাচের সেই স্পিরিটটা আছে।’ আবাহনীর তরুণ মিডফিল্ডার তৌহিদের কথা, ‘আমরা তরুণরাও সবাই বেশ উদ্দীপ্ত।’ আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমিও কম যান না, ম্যাচটাকে আলাদা গুরুত্ব দিচ্ছি।’ বিকেল সোয়া তিনটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচ। দেখা যাক মাঠের খেলা কেমন উত্তাপ ছড়ায়!