খেলোয়াড়দের দুষলেন মরিনহো
সেভিয়ার কাছে হারের পর কোনো অজুহাত নয়। এ হারের জন্য সরাসরি নিজের ফুটবলারদের দায়ী করেছেন রিয়াল মাদ্রিদের ম্যানেজার হোসে মরিনহো।ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে ‘স্পেশাল ওয়ান’ অভিযোগ করেন, খেলায় মনোযোগ ছিল না খেলোয়াড়দের। দলের প্রতি তাঁদের প্রতিশ্রুতি সম্পর্কেও প্রশ্ন তোলেন মরিনহো।লিগে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে রিয়াল। দুটিতে হার, একটিতে ড্র। জয় কেবল একটিতে। অর্জন মাত্র চার পয়েন্ট। অন্যদিকে শিরোপার লড়াইয়ে রিয়ালের মূল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জয় পেয়েছে প্রতিটি ম্যাচে। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিওনেল মেসিরা। শীর্ষে থাকা বার্সার চেয়ে এখন পর্যন্ত আট পয়েন্ট পিছিয়ে রিয়াল। তবে মরিনহো জানিয়েছেন, পয়েন্টের এই ব্যবধানের চেয়েও দল নিয়ে বেশি শঙ্কিত তিনি।‘আমি আমার দল নিয়ে শঙ্কিত। মৌসুমের গোড়া থেকেই শঙ্কিত ছিলাম। শুধু স্প্যানিশ সুপার কাপে ভালো খেলতে পেরেছি আমরা। অন্য কোথাও নয়। পয়েন্ট ব্যবধানের চেয়েও দল নিয়ে বেশি শঙ্কিত আমি।’ সংবাদ সম্মেলনে বলেন মরিনহো।ম্যাচে ১-০ গোলে জয়ী সেভিয়াকে অভিনন্দন জানাতেও ভোলেননি মরিনহো, ‘সেভিয়াকে অভিনন্দন। কোনো সন্দেহ নেই, জয় ওদেরই প্রাপ্য ছিল। বাজে খেলার প্রাপ্য পুরস্কারটাই পেয়েছি আমরা।’রোনালদোর পরিস্থিতির কারণে রিয়াল এলোমেলো হয়েছে কি না এ প্রশ্নে মরিনহো বলেন, ‘দুই সপ্তাহ ধরে চলা গুঞ্জন নিয়ে বলার কিছু নেই। গেটাফে বা গ্রানাডার বিপক্ষে যেমন খেলেছি, এই ম্যাচটা এর চেয়ে ভিন্ন কিছু ছিল না। দলে খুব কম খেলোয়াড়ই আছে, যারা প্রতিশ্রুতিশীল ও মনোযোগী, যারা ফুটবলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলে। প্রতিপক্ষের লড়াইয়ের মানসিকতাও ওদের নেই। প্রতিশ্রুতিশীল খেলোয়াড় না থাকলে ভালো করা কঠিন।’ এরপর মরিনহো যোগ করেন, ‘আমি কোচ। দলে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় না থাকলে এর দায় আমরাও।’ রয়টার্স।