বাংলা নতুন বছরের শুরুতে এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে? ভারতে গত এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শুটার শাকিল আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত প্রতিশ্রুত ফ্ল্যাটের চাবি হাতে পাচ্ছেন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আজ সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে এই চাবি তুলে দেবেন খেলোয়াড়দের হাতে।
শুধু মাবিয়াদের জন্যই আজকের সন্ধ্যাটি আনন্দময় হবে না। গত ছয় মাসে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী ৩৩৯ জন ক্রীড়াবিদের জন্যও এটি হবে আনন্দের, আর্থিক পুরস্কার পাবেন তাঁদের সবাই। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং ফুটবল ফেডারেশনের সদস্য হারুনুর রশীদ কাল বললেন, ‘প্রধানমন্ত্রীর এ উদ্যোগ দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো করতে উৎসাহ জোগাবে। প্রধানমন্ত্রী ৩৩৯ জনের প্রত্যেককে দেবেন এক লাখ করে টাকা।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি এক কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল হকি ও সাঁতার ফেডারেশনকে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত দিয়ে বিসিবি সেই টাকাও তুলে দেবে দুই ফেডারেশনকে। গত বছর আগস্টে ঢাকায় হওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের সেরা বাংলাদেশ দলকেও বিসিবি ১০ লাখ টাকা দেবে। শ্রীলঙ্কায় নিজেদের শততম টেস্টে জয়ী বাংলাদেশ দলকেও প্রতিশ্রুত ১ কোটি টাকা দেবে বিসিবি।