খেলোয়াড়দের প্রশংসায় মারুফ
‘মৌসুমের মাঝপথে একটা শিরোপা খুবই দরকার আমাদের’—ফাইনালের আগে কথাটা খুব জোর দিয়ে বলেছিলেন শেখ জামাল ধানমন্ডির কোচ যোসেফ আপুসি। কিন্তু পারলেন না খেলোয়াড়েরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল স্বাধীনতা কাপের ফাইনালে ২-৩ গোলে হেরে গেল শেখ রাসেলের কাছে।রুদ্ধশ্বাস ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজতেই শোকে স্তব্ধ জামাল শিবির। হতাশ ফুটবলাররা মাঠেই বসে রইলেন অনেকক্ষণ। উল্টো ফেডারেশন কাপের পর মৌসুমে নিজেদের দ্বিতীয় শিরোপা জেতার আনন্দে ভাসছিলেন শেখ রাসেলের খেলোয়াড়েরা। উইঙ্গার জাহিদ হোসেন আনন্দে আপ্লুত, ‘আমার মনে হচ্ছে আমরা এইমাত্র বড় কিছু অর্জন করলাম। এই আনন্দ অনেক বেশি।’ মাঝ মাঠের কারিগর মিডফিল্ডার মামুনুলের কথা, ‘আমরা যা খেলছি, সেটা দেখে অনেকেই আমাদের পারিশ্রমিক নিয়ে অনেক কথা বলেছে। এই ম্যাচ দেখার পর তারা বুঝবে, আসলেই আমরা এমন পারিশ্রমিক পাওয়ার যোগ্য। ভালো পারিশ্রমিক নেওয়ার জন্যই ক্লাবকে এই শিরোপা উপহার দিলাম।’ দর্শনীয় হেডে ম্যাচজয়ী গোলটি করেন জাহিদ হাসান এমিলি। টুর্নামেন্টে এটি এমিলির চতুর্থ গোল। জাতীয় দলের স্ট্রাইকারের চোখে জয়টা ফুটবলেরই, ‘শেখ রাসেল এবার ব্যয়বহুল একটা দল গড়েছে। আমাদের লক্ষ্যই ছিল সব কটি শিরোপা জেতা। হারলে আমাদের নিয়ে সবাই সমালোচনা করত। আমি মনে করি, এটা ফুটবলেরই জয়।’ ম্যাচের প্রথম গোলদাতা মিঠুন চৌধুরী আরেক ধাপ এগিয়ে বললেন, ‘স্বাধীনতা কাপের জন্য সবাই কঠোর পরিশ্রম করেছি। শুধু কাগজে-কলমে নয়, প্রমাণ করেছি মাঠেও আমরা সেরা।’ চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ মারুফুল হক প্রশংসা বৃষ্টিতে ভেজালেন শিষ্যদের, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল মৌসুমের সব শিরোপা জেতার। সেই পথেই এগোচ্ছি। আজকের জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের। এবার লক্ষ্য লিগ জেতা।’শেখ জামালের কোচ জোসেফ আপুসি হতাশায় স্তব্ধ ছিলেন বেশ কিছু সময়। তারপর অস্ফুট স্বরে বললেন, ‘আমি হতাশ।’ স্ট্রাইকার আলফ্রেডের কাছে গোল চাইছিল জামাল, কিন্তু নাইজেরিয়ার স্ট্রাইকার পারলেন না গোল করতে। অধিনায়ক আরিফ দুষলেন আলফ্রেড-সানডে দুজনকেই, ‘মাঠে স্ট্রাইকারদের খুঁজেই পাইনি।’ তবে ভেঙে না পড়ে নতুন শুরুর স্বপ্ন এই ডিফেন্ডারের চোখে, ‘হয়তো লিগে এটার প্রভাব পড়বে। তবে তা ভুলে নতুন করে খেলায় মনোযোগ দিতে হবে।’ ২৫ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে শেখ জামাল। মৌসুমের দু-দুটো শিরোপা মুঠো ফসকে বেরিয়ে গেল। প্রিমিয়ার লিগটা কি ঘরে তুলতে পারবে জামাল? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।