খেলোয়াড়দের বাধায় দাবা টুর্নামেন্ট স্থগিত
প্রাইম ব্যাংক রেটিং দাবা শুরু হওয়ার কথা ছিল কাল। কিন্তু নিবন্ধন ফি বেশি, প্রাইজমানি কম—খেলোয়াড়দের এমন দাবির মুখে পরশু রাতে দাবা ফেডারেশন প্রতিযোগিতাটি সাময়িকভাবে স্থগিত করেছে। টুর্নামেন্টের আয়োজক লিওনাইন চেস ক্লাব। খেলা শুরুর এক দিন আগে বৃহস্পতিবার রাতে অংশগ্রহণকারী ২৮ জন দাবাড়ু ফেডারেশনের কাছে লিখিত অভিযোগ করেন, লিওনাইন বেশি এন্ট্রি ফি নিচ্ছে। কিন্তু প্রাইজমানি কম দিচ্ছে। অভিযোগ আছে এক লাখ টাকার প্রাইজমানির টুর্নামেন্টে নন-রেটেডদের কাছ থেকে এন্ট্রি ফি নেওয়া হচ্ছে ১২০০ টাকা করে। এতে এন্ট্রি ফি থেকেই আসে ৫০ থেকে ৬০ হাজার টাকা। অভিযোগের পর এন্ট্রি ফি কমানোর উদ্যোগ নেয় লিওনাইন ক্লাব। কাল ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন জানান, ‘মূলত ফেডারেশনই গত বছর আমাদের বলেছিল নন-রেটেড খেলোয়াড়দের কাছ থেকে ১২০০ টাকা করে ফি নিতে। ফেডারেশনের নির্দেশনা অনুসারেই এটা করা হয়েছে। তবে ফেডারেশন থেকে এটা কমিয়ে ২০০ টাকা করলেও আমাদের আপত্তি নেই।’