এশিয়া কাপ হকির ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করার কথা দু-এক দিনের মধ্যে। এশিয়ান হকি ফেডারেশনে বাংলাদেশ দলের নাম পাঠানোর শেষ সময়সীমা আগামীকাল পর্যন্ত। এ জন্য কাল ছিল ‘অঘোষিত’ ট্রায়াল। আজও ট্রায়াল হওয়ার কথা। এরপরই বেছে নেওয়া হবে এশিয়া কাপের চূড়ান্ত দল। কিন্তু কোচ নাভিদ আলম পড়েছেন বিপাকে। হঠাৎ করেই কাল এশিয়া কাপের ক্যাম্প বর্জন করে বসলেন খেলোয়াড়েরা! কাল কেউ আসেননি অনুশীলনে। বেলা ১১টা থেকে ফেডারেশনের বারান্দায় সাধারণ পোশাকে ঘুরে বেড়িয়েছেন কয়েকজন খেলোয়াড়। বিকেলে ক্যাম্পের খাবারঘরে ১৭ জন খেলোয়াড়কে নিয়ে বসেন কোচ নাভিদ। উদ্দেশ্য—ক্যাম্পের গুরুত্ব বুঝিয়ে সবাইকে অনুশীলনে ফেরানো। ওই সময় খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পী ও সাবেক খেলোয়াড় আরিফুল হক (প্রিন্স) গিয়ে লাঞ্ছিত করেন কোচকে। কোচের গায়ে নাকি চেয়ারও ছুড়ে মেরেছেন তাঁরা! বাপ্পী অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন, ‘আমি শুধু একপাশে রাখা চেয়ার সরিয়ে ফেলেছি। কোচকে গিয়ে বলেছি তুমি যা করছ সেটা ঠিক নয়। তুমি এভাবে গ্রুপিং করছ কেন? তোমার কাজ মাঠে, তুমি কেন এগুলো করছ?’এশিয়া কাপের আগে এভাবে ক্যাম্প বর্জন কতটা যৌক্তিক তা নিয়ে অনেক খেলোয়াড়ই অবশ্য প্রশ্ন তুলেছেন। দলবদলের দাবিতে খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্যরা কয়েক দিন আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। সমস্যা সমাধানের জন্য মন্ত্রী ২ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেন তাঁদের। কিন্তু এর আগেই এভাবে ক্যাম্প বর্জন ভাবিয়ে তুলেছে কর্মকর্তাদের। জিমিকে এসএমএসের মাধ্যমে হুমকি দেওয়া আবাহনীর হকি কর্মকর্তা শহীদুল্লাহ দোলনকে আইনের হাতে তুলে দেওয়ার দাবিও ক্যাম্প বর্জনের কারণের তালিকায় উঠে এসেছে।জাতীয় দলের ক্যাম্পে থাকা ২৫ খেলোয়াড়ের অনেকেই ক্যাম্প বর্জনের বিরুদ্ধে। নৌবাহিনীর খেলোয়াড় মামুনুর রহমান (চয়ন), কৃষ্ণ কুমার, তাপস বর্মণ, সেনাবাহিনীর আবদুল মালেক, রোকনুজ্জামান সোহাগ, সাব্বির রানা ও সাকিদুর রহমানের দলবদলের প্রয়োজনই নেই। সার্ভিসেস দলের এসব খেলোয়াড় এটি নিয়ে বেশ বিব্রত। দলবদলের সঙ্গে সম্পর্ক নেই বিকেএসপির রুম্মন, খোরশেদুর রহমান, অসীম, শোয়েব আলী ও ফরহাদ আহমেদেরও। এই ১২ জনের বাইরেও অনেকে ক্যাম্পে যোগ দিতে আগ্রহী। কিন্তু অজানা এক কারণে তাঁরাও মাঠের বাইরে বসে রইলেন। হকি অঙ্গনে গুঞ্জন, অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য সাবেক খেলোয়াড়েরা একটি নির্দিষ্ট পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করতে এসব করছেন। এঁদের অনেকেই দলবদলের টাকার একাংশ এরই মধ্যে পকেটে ভরেছেন বলেও শোনা যায়! নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় কাল বললেন, ‘আমাকেও টাকা নিতে বলেছিল। কিন্তু আমি নিইনি।’ আরেক খেলোয়াড়ের অভিযোগ, তাঁদের হুমকি দিয়েছেন খেলোয়াড় কল্যাণ সমিতির নেতারা, ‘আমাদের বলে দেওয়া হয়েছে আজ তোমরা মাঠে ঢুকতে পারবে না। ঢুকলে সমস্যা হবে। আমরা খুবই বিব্রতকর অবস্থায় আছি। কী করব বুঝতে পারছি না।’ ক্যাম্প ছেড়ে যেতে এরই মধ্যে খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়েছে। কাল রাতেই ১৩ জন খেলোয়াড় ক্যাম্প ছেড়ে বাড়ি চলে গেছেন।হকির চলমান অচলাবস্থা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন নাভিদ আলম, ‘প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সাহায্য নেওয়া উচিত ফেডারেশনের। তা না হলে এ দেশের হকিরই ক্ষতি হবে।’