খেলোয়াড়দের মুখে থাই সফরের প্রশস্তি
থাইল্যান্ডে যাওয়ার আগে কোচ লোডভিক ডি ক্রুইফ নির্জন পরিবেশে অনুশীলনের ব্যাপারে বেশি জোর দিয়েছিলেন। থাইল্যান্ডে গিয়ে সেটা হলো। আবার নিজেদের ভুলত্রুটি শোধরানোর জন্য সেখানে খেলা গেল দুটি প্রস্তুতি ম্যাচও।সাফের প্রস্তুতির জন্য আট দিনের থাইল্যান্ড সফর শেষে কাল দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। থাই প্রিমিয়ার লিগের দল ওসোতস্পা সারাবুরির কাছে ২-১-এ হারলেও বাংলাদেশ থাই যুবদলকে হারিয়েছিল ১-০ গোলে। এই দুটি প্রস্তুতি ম্যাচ দারুণ কাজে দিয়েছে বলে জানালেন অধিনায়ক মামুনুল ইসলাম, ‘আমরা থাইল্যান্ডে শুধুই প্রীতি ম্যাচ খেলতে যাইনি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল ট্রেনিংও। সেই ট্রেনিংটা খুব ভালো হয়েছে। একেবারে অন্য রকম পরিবেশে সবাই মনোযোগ দিয়ে অনুশীলন করেছে। সাফের আগে এই সফরের অভিজ্ঞতা আমাদের খুব উপকারে আসবে। আমরা সবাই সন্তুষ্ট।’ তবে মামুনুল চেয়েছিলেন আরও কয়েকটা ম্যাচ বেশি খেলতে, ‘যত বেশি প্রস্তুতি ম্যাচ খেলব, ভুল তত কম হবে। বেশি প্রস্তুতি ম্যাচ খেলার কোনো বিকল্প নেই। আরও অন্তত দুটি ম্যাচ বেশি খেললে ভালো হতো আমাদের।’মামুনুলের কথারই প্রতিধ্বনি তুললেন তরুণ স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ, ‘থাইল্যান্ডে দুটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ম্যাচ দুটিতে আমাদের অনেক ভুল ছিল। ম্যাচের পর কোচ আলাদাভাবে প্রত্যেকের সমস্যার জায়গাগুলো ধরিয়ে দিয়েছেন। এটা অবশ্যই আমাদের জন্য ভালো একটা দিক। সাফের আগে এভাবে দেশের বাইরে একসঙ্গে খেলাটা দল হয়ে ওঠার জন্যও খুবই গুরুত্বপূর্ণ ছিল।’ থাইল্যান্ডে গিয়ে চোটের কারণে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি স্ট্রাইকার মোবারক হোসেন ভূঁইয়া। ওসোতস্পা সারাবুরির বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে পায়ের মাংসপেশিতে টান লাগে তাঁর। তবে চোটটা নিয়ে খুব উদ্বিগ্ন নন তিনি, ‘ট্রেনার আমাকে বিশ্রাম দিয়েছেন। দুই দিন পর মাঠে নামলে ট্রেনার দেখে বলতে পারবেন ইনজুরির কী অবস্থা। তবে আমার কাছে এটা গুরুতর কিছু মনে হচ্ছে না। আশা করি, তাড়াতাড়িই খেলায় ফিরতে পারব।’ ঈদের পর পরই ঢাকা আসছে পাকিস্তান। সাফ প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। এই সফরে অবশ্য পাকিস্তান আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বাফুফে একাদশের সঙ্গে।