খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সকাল
দক্ষিণ এশীয় গেমসে বাংলাদেশ দল যাতে ভালো ফল করতে পারে, তার জন্য খেলোয়াড়দের উত্সাহ দিতে এগিয়ে এলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রী তাঁর কালকের সকালটা শুধু খেলোয়াড়দের সঙ্গে কাটালেন না, তিনশর ওপরে খেলোয়াড়-কর্মকর্তার বাংলাদেশ বহরের প্রতিটি সদস্যের সঙ্গে কথাও বললেন। শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রীর কাছ থেকে খেলোয়াড়েরা পেয়েছেন এগিয়ে চলার প্রেরণা। এসএ গেমসে পদক জয়ের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার সবচেয়ে বড় যে মহৌষধ, সেই অর্থ পুরস্কারও এদিন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। গেমসের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা বললেন, ক্রীড়াক্ষেত্রে সরকার অর্থ বরাদ্দে কার্পণ্য করেনি, এই গেমস আয়োজনে কোথাও সমস্যা দেখা দেয়নি। তবে ১৭০ কোটি টাকার গেমসে পৃষ্ঠপোষক খাত থেকে যে টাকা এসেছে (লক্ষ্য ৪০ কোটির ওপর, এসেছে ৩৫ কোটি টাকা) তা আরও বেশি হওয়া উচিত ছিল মনে করেন প্রধানমন্ত্রী।‘গেমসের অনুশীলন খাতের ২২ কোটি টাকা যথাযথভাবে খরচ হয়েছে, খেলোয়াড়দের বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে, বিদেশি প্রশিক্ষক আনা হয়েছে। ভেন্যুগুলো এত দিন অগোছালো ছিল। এখন সেগুলোর অবকাঠামো উন্নয়ন করা হয়েছে’—জানালেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীকে মনে হলো তিনি যেন খেলোয়াড়দের বন্ধু, ‘হারলেই সব শেষ নয়। খেলায় হারজিত আছেই। তাই খেলোয়াড়দের ওপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না। খারাপ করলে সমালোচনা করে লেখা হয়, এটা উচিত নয়। এতে খেলোয়াড়দের মন ভেঙে যায় এবং গেমস চলাকালীন তাদের হতাশ করা যাবে না।’ পরে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ের এক ফাঁকে হাসতে হাসতে বললেন, ‘খেলোয়াড়দের উত্সাহ দিন। শচীনও তো ১ বলে আউট হয়।’ এসএ গেমসে বাংলাদেশ দল ভালো ফল করবে, আর সবার মতো একই প্রত্যাশা প্রধানমন্ত্রীরও, ‘আশা করি গেমসে ভালো করবে আমাদের দল।’ আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আনতে পারে, এমন খেলোয়াড় তৈরির ওপর গুরুত্ব দিয়ে অনেকটা ঘোষণার সুরে বলেছেন, ‘এই গেমসে ভালো ফল করা খেলোয়াড়দের আন্তর্জাতিক গেমসে পাঠানো হবে এবং উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। গেমসের পরও অনুশীলন চলবে।’এই মুহূর্তে যাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখা হচ্ছে, সেই শ্যুটার আসিফ হোসেন খান খেলোয়াড়দের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করলেন, এসএ গেমসে ভালো ফল করতে খেলোয়াড়েরা এখন মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রীর কাছে তাঁর প্রত্যাশা, ‘আশা করি প্রশিক্ষণের ধারাটা অব্যাহত থাকবে।’ পুলিশের পিটুনি, নানা প্রতিকূলতা পেরিয়ে নিজের ঘুরে দাঁড়ানোর পেছনে প্রধানমন্ত্রীর দেওয়া উত্সাহ তাঁকে প্রেরণা জুগিয়েছে, বললেন আসিফ।অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাওয়ার মুখে গেমস ফুটবল দলের অধিনায়ক আমিনুলের বলা কথাটা ছিল সব খেলোয়াড়েরই প্রাণের কথা, ‘এমন একটা অনুষ্ঠান দরকার ছিল। সবাই খুবই উত্সাহ পেয়েছে এবং এখন ভালো কিছু করার জন্য বাড়তি তাগিদ পাবে খেলোয়াড়েরা।’ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের আশা, ‘বাংলাদেশ ২০টির বেশি সোনা জিতবে।’ তাঁর মুখে ছিল ক্রীড়া পরিষদের এক কর্মকর্তার বন্দনা! গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যক্তি বন্দনায় না গিয়ে গোটা আয়োজনটাকে ‘টিম ওয়ার্কের’ ফ্রেমে বাঁধলেন। যুব ও ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেলের কথা, ‘ভালো ফল করতে হবে আমাদের।’ খেলোয়াড়দের ‘যুদ্ধের প্রস্তুতি’ নিতে বললেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। বিওএ-প্রধান জেনারেল আবদুল মুবীনের কণ্ঠে ছিল সফল আয়োজনের প্রত্যয়, যা প্রকাশ পেয়েছে ক্রীড়াসচিব মাহবুব আহমেদের বক্তব্যেও। এর মধ্যে শিল্পী মনিরুজ্জামানের তৈরি করা গেমসের মাসকট (দোয়েল পাখির প্রতিকৃতি) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গেমসের সাফল্য কামনায় হলো মোনাজাত।খেলোয়াড়দের জীবনে স্মরণীয় এক সকালই ছিল কাল। সবার মুখে ছিল একটাই শব্দ, ‘দারুণ!’