খেলোয়াড়দের হাতে খুন লাইন্সম্যান
গত রোববারের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই ডাচ ক্লাব নিউ স্লোটেন ও বুইটেন বয়েজের যুবদল। অন্যতম সহকারী রেফারির (লাইন্সম্যান) দায়িত্ব পালন করছিলেন রিচার্ড নিউয়েনহুইজেন। খেলা শেষ হওয়ার পর হঠাৎই নিউ স্লোটেনের কিশোর ফুটবলাররা চড়াও হয় ওই লাইন্সম্যানের ওপর। নির্মমভাবে পেটাতে থাকে তাঁকে। লাথি-ঘুষিও চলতে থাকে সমানে। গুরুতর আহত অবস্থায় এই ভদ্রলোককে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করে গত সোমবার হার মানেন এই ৪১ বছর বয়সী লাইন্সম্যান। মর্মান্তিক ঘটনা ঘটে হল্যান্ডের আলমেরে শহরে। ওই লাইন্সম্যানের নিজের ছেলেই খেলছিল বুইটেন বয়েজের হয়ে। ম্যাচের সময়ই তাঁর বিশেষ কোনো সিদ্ধান্তের কারণে খেপে ছিল প্রতিপক্ষের ফুটবলাররা। তাই ম্যাচ শেষ হওয়ার পরেই সেটার শোধ তোলে নৃশংসভাবে। এই ভয়াবহ ঘটনায় বিস্ময়ে বিমূঢ় ডাচ ফুটবলাঙ্গন। আয়াক্স কোচ ফ্রাঙ্ক ডি বোর এটি যেন বিশ্বাসই করতে পারছেন না , ‘এমনটা আমি কল্পনাও করতে পারিনি।’ একই প্রতিক্রিয়া বুইটেন বয়েজ ক্লাবের চেয়ারম্যানেরও, ‘আমি এটা বিশ্বাসই করতে পারছি না। ১৫-১৬ বছর বয়সী ছেলেরা খেলছে, আপনি খেলা দেখতে এলেন এবং এটা দেখলেন।’ ডাচ ক্রীড়ামন্ত্রী এডিথ শিপার্সের কথা, ‘এটা ভয়াবহ যে ডাচদের খেলার মাঠে এমনটা ঘটতে পারে।’ ফুটবলটা ছিল নিউওয়েনহুইজেনের রক্তে, বুইটেন বয়েজের খেলা দেখার সুযোগ পারতপক্ষে ছাড়তেন না। কিশোর ফুটবলারদের ম্যাচে তাদের বাবারাই রেফারি-সহকারী রেফারির দায়িত্ব পালন করেন। নিউওয়েনহুইজেন সানন্দেই দায়িত্ব পালন করতেন। কিন্তু কে জানত, সেটা করতে গিয়ে মাঠে ছেলের খেলার সঙ্গীদের এমন নির্মমতার শিকার হবেন? অভিযুক্ত ক্লাবের তিনজন খেলোয়াড়কে অবশ্য আটক করা হয়েছে। তদন্ত এখনো চলছে। এএফপি, ওয়েবসাইট।