কাবাডি ফেডারেশনের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। অথচ এটা নিয়ে যেন ভাবনা নেই ফেডারেশন কর্তাদের! সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দিব্যি আছেন অস্ট্রেলিয়া গিয়ে। অন্যরাও চুপচাপ। আর এর প্রভাবে হতাশায় দিন কাটছে খেলোয়াড়দের।
১২ ডিসেম্বর নিরাপত্তার অজুহাতে পুলিশ কাবাডি ফেডারেশনে তালা লাগিয়ে দেয়। স্থগিত করে দেওয়া হয় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ। ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক হওয়ায় এ নিয়ে কেউ উচ্চবাচ্য করছেন না। যদিও গত পরশু পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হকের কার্যালয়ে গিয়ে ধরনা দিয়েও সভাপতির মন গলাতে পারেননি ফেডারেশনের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন অন্য কথা, ‘আসলে সভাপতির বিনা অনুমতিতে জাতীয় কাবাডি শুরু করতে গিয়েই এই বিপত্তি। খেপেছেন তিনি। তবে আইজি স্যার যদি আমাদের সবাইকে কড়া ভাষায় বকে দিয়েও খেলা শুরু করার অনুমতি দিতেন, তাতেও চলত।’
কাবাডিতে বেশির ভাগ খেলোয়াড়ই বাহিনীর চাকুরে। সারা বছর এই একটিমাত্র প্রতিযোগিতার দিকেই চেয়ে থাকেন তাঁরা। বিভিন্ন সংস্থায় চাকরিরত এসব খেলোয়াড়ের ছুটিও নির্ভর করে এই খেলার সূচির ওপর। এভাবে হুট করে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ভীষণ হতাশ নৌবাহিনীর খেলোয়াড় ও জাতীয় দলের অধিনায়ক আরদুজ্জামান, ‘আমাদের কাবাডির জন্য এটা একটা কালো অধ্যায়। এমনিতেই আন্তর্জাতিক টুর্নামেন্টে তেমন খেলার সুযোগ পাই না, তার ওপর ঘরোয়া খেলা থেকেও যদি বঞ্চিত হই, তাহলে কী হবে আমাদের!’
খেলোয়াড়দের এখন একটাই চাওয়া, যেন দ্রুত মাঠে খেলা ফেরে। আরদুজ্জামানও বললেন, ‘কর্মকর্তাদের সমস্যা তাঁদেরই মিটিয়ে ফেলা উচিত। আমরা মাঠে খেলতে চাই।’ কিন্তু মাঠে আবার কবে খেলা ফিরবে, সেটাই বড় প্রশ্ন।