খোঁচা
দুজনই নিজ নিজ ক্ষেত্রে বিশ্বসেরা। উসাইন বোল্ট ও ক্রিস গেইলের মধ্যে মিল থামেনি এখানেই। দুজনই জ্যামাইকান, ভালো বন্ধুও। দুজনেই বেশ আমুদে মেজাজের হওয়ায় বন্ধুত্বটা জমেছে বেশ। ওয়েস্ট ইন্ডিজের বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই অবশ্য ‘আমুদে’ শব্দটা যায়। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেই তার প্রমাণ আছে। পুরো টুর্নামেন্টেই ওয়েস্ট ইন্ডিজ দল নেচেছে ‘চ্যাম্পিয়ন’ মুদ্রায়। ডোয়াইন ব্রাভোর নাচের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন অনেক সেলিব্রিটিই। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জেতার পর বিশ্বের দ্রুততম মানবও ভিড়েছেন সেই দলে। নিজে ‘চ্যাম্পিয়ন’ নাচ নেচে সেটির ভিডিও প্রকাশ করেছেন। নাচতে নাচতে দলের একেকজন খেলোয়াড়ের নাম ধরে তাঁদের চ্যাম্পিয়ন বলেছেন বোল্ট। কিন্তু গেইলের নাম বলতে গিয়ে মুখে দুষ্টুমির হাসি টেনে বললেন, ‘গেইল ইজ আ লুজার!’ সেমিফাইনাল ও ফাইনালে গেইল জ্বলে উঠতে পারেননি, তাই হয়তো এমন খোঁচা। বন্ধুর খোঁচার জবাব গেইল কীভাবে দেন, এখন তারই অপেক্ষা। জি নিউজ।