খো খোতে সেরা মুন্সিগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল পল্টন ভলিবল স্টেডিয়ামে বৃষ্টি-কাদার মধ্যে মেয়েদের খো খো খেলা দেখে মনে হলো যেন বিয়েবাড়িতে কাদা ছোড়াছুড়ি চলছে। স্বাভাবিক খেলা খেলতে পারল না কোনো দলই। পঞ্চম মহিলা খো খো চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাই স্কোরও হলো কম, মুন্সিগঞ্জ এক ইনিংস ও ২ পয়েন্টে হারাল খুলনাকে। এই নিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন মুন্সিগঞ্জ। একজন আরেকজনের পেছনে ধাওয়া করার এই খেলায় বর্তমানে মুন্সিগঞ্জ সবচেয়ে বেশি এগিয়ে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন মুন্সিগঞ্জের নাসরিন সুলতানা (মিমি)। আলু ব্যবসায়ী বাবা আবদুর রউফের স্বপ্ন ছিল মেয়েকে খেলোয়াড় বানাবেন, কিন্তু খো খোর মতো অপ্রচলিত খেলাটিকে মেয়ে ভালোবেসে ফেলবে, ভাবেননি। ১০ বছর ধরে খো খো খেলা মিমি জানালেন, ‘ভারতে দেখেছি খেলাটা কত জনপ্রিয়। আমি চাই, বাংলাদেশেও এটা ছড়িয়ে পড়ুক।’ মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের স্নাতকের ছাত্রী মুন্সিগঞ্জের হয়ে দার্জিলিং ও চেন্নাইয়ে দুবার খেলে এসেছেন ভারতের প্রাদেশিক টুর্নামেন্ট, সেখানে ম্যাচসেরাও হয়েছেন দুবার।কাল আলাদা করে নজর কাড়লেন খুলনার দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস (রিক্তা) ও ফাতেমা তুজ জোহরা (মুক্তা)। যমজ দুই বোনকে ম্যাচ শেষে মন খারাপ করে ঘুরে বেড়াতে দেখা গেল। বাবা আকবর আলী খুলনার কোচ। হারের জন্য দুষলেন মাঠকেই, ‘কাদা মাঠে খো খো খেলা যায় না।’ ফুটবল, ভলিবল, কাবাডির পাশাপাশি খো খোতেও সমান পারদর্শী দুই বোন। রিক্তা যখন রানার্সআপ পদক তুলে দিচ্ছিলেন মুক্তার গলায় খুলনার আঞ্চলিক টানে মুক্তা বলছিল, ‘ভিজে মাঠ না হলি দেখায় দিতাম!’