খো খোতে সোনা ছিনতাইয়ের অভিযোগ!
পুরো শরীর কাদামাটিতে মাখামাখি। রুপার পদকের অপেক্ষায় কোয়ান্টাম ফাউন্ডেশনের মং চিং হাই, বীর বাহাদুর ত্রিপুরা, জো অং মারমারা। চেহারায় উচ্ছ্বাসের ছিটেফোঁটাও নেই। কেঁদেই চলেছেন বান্দরবানের খো খো খেলোয়াড়েরা। ভলিবল স্টেডিয়ামে কাল পুরুষদের ফাইনালে আম্পায়ারের পক্ষপাতিত্বের শিকার কিশোরদের এ ছাড়া কীই-বা করার ছিল!কোয়ান্টাম ফাউন্ডেশনকে ২৮-২৭ পয়েন্টে হারিয়ে বাংলাদেশ গেমসে প্রথম সোনা জিতেছে ঢাকা জেলা। কোয়ান্টামের খেলোয়াড়দের অভিযোগ, পক্ষপাতিত্ব করে জেতানো হয়েছে ঢাকাকে। ফলস এবং ফাউলের বাঁশি বেজেছে, পয়েন্টও ঠিকমতো দেওয়া হয়নি কোয়ান্টামের পক্ষে। ফাইনাল শুরুর আগে মৌখিকভাবে আম্পায়ার বদলানোর অনুরোধ করেছিল কোয়ান্টাম। কিন্তু সেটা মানা হয়নি। উল্টো ফেডারেশনের পছন্দমতো আম্পায়ার দিয়েই খেলা পরিচালনা করা হয়েছে। ম্যাচ শেষে কোয়ান্টাম ফাউন্ডেশনের ম্যানেজার আবু সালেহ জানালেন, ‘আমরা ম্যাচের পুরো ভিডিও করেছি। ক্লিপিংস বিওএতে জমা দেব। ম্যাচের ফল পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে লিখিত দেব। আমাদের কাছ থেকে পদক ছিনতাই করা হয়েছে। এভাবে চললে ঢাকার বাইরের কেউ খেলতেই আসবে না।’ খো খোতে কোয়ান্টামের আধিপত্য নতুন নয়। এটা জেনে বাংলাদেশ গেমসে এই দলটিকে খেলাতেই রাজি ছিল না ফেডারেশন। খো খোর সাধারণ সম্পাদক ফজলুর রহমান কাল সেটা স্বীকারও করে নিলেন, ‘ওপরের একটা চাপ ছিল আমাদের যাতে ওরা খেলতে না পারে।’ কিন্তু কাদের চাপে খেলানো হবে না সেটা আর বলেননি। তবে সরষের মধ্যেই যে ভূত সেটাও মানলেন, ‘আম্পায়ার নিয়ে অভিযোগ আছে মানছি। কিন্তু এদের বাইরে আর অভিজ্ঞ কেউ নেই।’ ভারোত্তোলন: ১০৫ কেজিতে বাংলাদেশ গেমসের রেকর্ড গড়েছেন (স্ন্যাচে) সেনাবাহিনীর ফরহাদ আলী, সুপার হেভিওয়েটে ঊর্ধ্ব-১০৫ কেজিতে (জার্কে) আনসারের ফিরোজ মাহমুদ। এই ইভেন্টে খেলার কথা থাকলেও ইনজুরির কারণে এবার গেমসেই অংশ নেননি বিদ্যুৎ কুমার রায়। মেয়েদের ৬৯ কেজিতে (জার্কে) রেকর্ড আনসারের ফিরোজা পারভিনের, ঊর্ধ্ব-৬৯ কেজিতে (স্ন্যাচে) জিতেছেন তাঁর সতীর্থ রোকেয়া সুলতানা।সাইক্লিং: আনসারের সাইক্লিস্ট আকাশী সুলতানা ৫টি ইভেন্টে জিতেছেন ৪টি সোনা ও ১টি রুপা। কাল শেষ দিনে সোনা জেতেন ১০০০ মিটার স্প্রিন্টে। এই ইভেন্টে ছেলেদের সোনা আকাশীর সতীর্থ তরিকুল ইসলামের।