খোঁজ মিলল ‘নিখোঁজ’ সাকিবের
অবশেষে খোঁজ মিলল ‘নিখোঁজ’ সাকিব আল হাসানের। কয়েক দিন সবার আড়ালে থাকার পর আজ শুক্রবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন বাংলাদেশের অধিনায়ক। অনুমতি না নিয়ে দলের অনুশীলন থেকে বিরত থাকায় সাকিবের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলেও তাঁকে শাস্তির মুখোমুখি হতে হয়নি, কেবল মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।‘সাকিব তরুণ অধিনায়ক। তাঁকে পরিপক্ব হতে আরও সময় দিতে হবে। ভুল-ত্রুটি হলে আমাদের দায়িত্ব সাকিবকে সহায়তা করা। তাঁর পারফরম্যান্স উন্নতি করতে সহায়তা করা। আশা করছি, ভুল থেকে শিক্ষা নেবে সাকিব’—সাকিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না জানিয়ে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ।জিম্বাবুয়ে সফরের দল নির্বাচনে তাঁর সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছিলেন সাকিব। আজ নির্বাচকদের সঙ্গে বৈঠকে সাকিব একই অভিযোগ করেছেন কি না প্রশ্নে মঞ্জুর বলেন, ‘দল নির্বাচন বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেনি সাকিব। সাকিব শুধু নিজের অবস্থান তুলে ধরেছে। কোনো অভিযোগ করেনি।’অনুমতি না নিয়ে অনুশীলনে অনুপস্থিত থাকা প্রশ্নে সাকিবের ব্যাখ্যা, ‘দেড় বছরে মাত্র ১০ দিন বিশ্রাম পেয়েছি। এ কারণে অনুশীলন করিনি। আমার কাছে মনে হয়েছে, ভালো করার জন্য এই মুহূর্তে ফ্রেশ থাকা প্রয়োজন।’