খোলসবন্দী পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের রোদ তখনো সেভাবে তেতে ওঠেনি। তার পরও ইউনুস খানের ঊর্ধ্বাঙ্গে কিছু নেই। মিরপুর ইনডোরে অনুশীলনের ফাঁকে খালি গায়ে বসে আয়েশি ভঙ্গিতে কলা খাচ্ছেন। নেটে তখন ব্যাটিংয়ে ব্যস্ত উমর আকমল, নাসির জামশেদ, শহীদ আফ্রিদিরা। নিজেদের মধ্যে টুকটাক আড্ডাও চলছিল। নতুন কোচ ডেভ হোয়াটমোরের কাঁধে হাত রেখে বন্ধুর মতো কথা বলছিলেন মিসবাহ-উল-হক।কথাবার্তা শুধু নিজেদের মধ্যেই, সংবাদমাধ্যমের সঙ্গে নয়। গত বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল নিয়ে পাতানো ম্যাচের গুঞ্জন যেন খোলসবন্দী করে ফেলেছে মিসবাহর দলকে। আইসিসি সানডে টাইমস পত্রিকার দাবিকে উড়িয়ে দিয়ে ম্যাচটাকে নিষ্কলুষ ঘোষণা করেছে। তার পরও কখন কার মুখ থেকে কী বেরিয়ে পড়ে ভেবে পাকিস্তান দলের ম্যানেজার যেন স্কচটেপ লাগিয়ে দিয়েছেন সবার মুখে!বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এড়িয়ে গেছেন বিষয়টা। এই প্রসঙ্গ উঠতে পারে ভেবেই হয়তো কাল অনুশীলনে কেউ কথা বললেন না। ম্যানেজারকে বারবার অনুরোধ করেও কোনো লাভ হলো না অপেক্ষমাণ সাংবাদিকদের। এ দিক দিয়ে অবশ্য যথেষ্ট উদারই দেখাল হোয়াটমোরকে। কৌশলী হোয়াটমোরের কূটনৈতিক ভদ্রতাও হতে পারে। তবে তাঁর দাবি, তিনি কথা বলতে রাজি, বলতে পারছেন না শুধু ‘অনুমতি নেই’ বলে।ইনডোরের ঘণ্টা খানেক অনুশীলন শেষে একাডেমি মাঠে আরও আধ ঘণ্টার মতো ঘাম ঝরালেন আফ্রিদি-আজমলরা। সাংবাদিকেরা ব্যর্থ হয়ে ফিরেছেন সেখান থেকেও। কদিন আগেই বিপিএল খেলে যাওয়া আফ্রিদিও ‘কোড অব কন্ডাক্টের’ দেয়াল তুলে বললেন, ‘সংবাদ সম্মেলনে কথা বলব।’ ভারতের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে হারের যন্ত্রণা কি এখনো তাড়িয়ে বেড়ায়? কী ভাবছেন এশিয়া কাপ নিয়ে? টিম বাসে ওঠার সময় এ দুটি প্রশ্ন ছুড়ে দিতেই ফিরে তাকালেন। মুচকি হেসে বললেন, ‘ভারতের বিপক্ষে খেলতে বরাবরই আমার খুব ভালো লাগে।’ কী প্রশ্নের কী উত্তর!