খোলসবন্দী মেসি

নিপাট ভদ্রলোক হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন জেরার্ডো মার্টিনো। প্রতিপক্ষ কোচের সঙ্গে বাগ্যুদ্ধে জড়ান না, সংবাদমাধ্যমে কিছু বলতে গেলেও বেশ সংযত থাকেন। সেই মার্টিনোও যেন এখন ধৈর্যের চূড়ান্ত সীমায়!
হবে না? মাস খানেক ধরে যে ঘুরেফিরে একটা প্রশ্নই বারবার শুনতে হচ্ছে তাঁকে—কেন গোল পাচ্ছেন না লিওনেল মেসি?
দুই-চার ম্যাচ গোল না পাওয়াটা এমন কিছুই নয়। মেসি না হয়ে অন্য কোনো ফুটবলার হলে ব্যাপারটা হয়তো কারও নজরেই আসত না। কিন্তু তিনি যে টানা চারবারের বিশ্বসেরা ফুটবলার! গোল করাটাকে দৈনন্দিন অন্যান্য কাজের মতো খুব স্বাভাবিক বানিয়ে নিয়েছেন। সেই মেসি পরশু রাতে এসপানিওলের সঙ্গে ম্যাচটাসহ টানা চার ম্যাচ গোলহীন। ছন্দ হারিয়েছেন কি না, এমন প্রশ্ন তো উঠতেই পারে।
তবে বার্সার সমর্থকদের জন্য আশার কথা, মেসি গোল না পেলেও বার্সা জিতছে। ন্যু ক্যাম্পেও যেমন এসপানিওলকে বার্সা হারিয়েছে অ্যালেক্সিস সানচেজের একমাত্র গোলে। ঘরের মাঠে লিগে টানা ২১তম জয়, এই মৌসুমে ১২ ম্যাচে ১১ জয় আর একটি ড্রয়ে ৩৪ পয়েন্ট, লিগের শীর্ষস্থান। পরিসংখ্যান তো বলে, বার্সেলোনা আছে স্বাভাবিক ছন্দেই। মেসি গোল পেলেন না কেন—এ নিয়ে তাই বাড়তি উদ্বেগ নেই বার্সেলোনা কোচের। অনেকবার শোনা প্রশ্নটার উত্তর দিতে গিয়ে তাই ঘুরেফিরে একই কথা বললেন মার্টিনো, ‘আসলে যেটা হয়েছে, মেসি নিজেই মানদণ্ডটা এত উঁচুতে নিয়ে গেছে যে, এখন কয়েকটি ম্যাচ গোল না করায় মনে হচ্ছে কোনো সমস্যা আছে। আমি কোনো সমস্যা দেখছি না। আমার কাছে সে আগের মতোই আছে।’ গোল না হওয়াটাকে স্রেফ কাকতাল বলেও মনে করেন বার্সেলোনা কোচ, ‘আমার মনে হয় না মেসি নিজেও এ নিয়ে চিন্তিত। ওর চার ম্যাচে গোল না পাওয়াটা যেমন আশ্চর্যজনক, তেমনি সে গত মৌসুমে যে টানা ১৯ ম্যাচে গোল করেছিল, সেটাও তো বিস্ময়কর।’
সাধারণত নিজে গোল না পেলে অন্যকে দিয়ে গোল করিয়ে সেটা পুষিয়ে দেন মেসি। এসপানিওলের বিপক্ষে ম্যাচে সেটাও হয়নি। বরং তার চেয়ে বেশি উজ্জ্বল ছিলেন বার্সেলোনার নতুন তারকা নেইমার। ৬৮ মিনিটে সানচেজের গোলটা এসেছে নেইমারের অসাধারণ পাসে। মেসির তুলনামূলক এই নিষ্প্রভ থাকার একটা কারণ খোঁজার চেষ্টা করেছেন তাঁর বার্সা ও জাতীয় দলের সতীর্থ হাভিয়ের মাচেরানো, ‘সামনে বিশ্বকাপ। গত কিছুদিনে সে বেশ কয়েকবার চোটে পড়েছে। আমার মনে হয়, মেসি চাইছে পুরো ফিট থেকে বিশ্বকাপে যেতে।’
বাড়তি কিছু করতে গেলে চোটে পড়ার ঝুঁকি থাকে। তবে মেসি সেই চোটের ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন, এমনটা মনে করেন না মার্টিনো, ‘দল জিততে থাকলে প্রতিটি খেলোয়াড়ের সেরাটা একটু একটু করে এমনিতেই বেরিয়ে আসবে। এসব নিয়ে মেসি উদ্বিগ্ন নয় এবং আমার মনে হয় না বিশ্বকাপের কথা মাথায় রেখে সে নিজেকে গুটিয়ে নিয়েছে।’
আসলেই মেসি ছন্দ হারিয়েছেন, নাকি বিশ্বকাপের কথা ভেবে গুটিয়ে রেখেছেন নিজেকে, না পুরো ব্যাপারটাই কাকতাল, সেটা বোঝার জন্য না হয় অপেক্ষায় কাটুক কটা দিন।
চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের সঙ্গে ফিরতি ম্যাচটা তো সামনের বুধবারই! এএফপি।