খ্যাপা বালোতেল্লি খেপেছেন!
তিনি পাগলাটে। নিজের বাড়িতেই আগুন লাগান। তাঁর মুখে লাগাম নেই। মনে যা আসে বলে দেন। ফ্রি-কিক নেওয়া নিয়ে মাঠে নিজ সতীর্থদের সঙ্গেই প্রকাশ্যে ঝগড়া করেন। টোকা দিলেই যখন গোল হয়, ব্যাক হিল করে গোল করতে গিয়ে ব্যর্থ হন। একের পর এক বেখবরের জন্ম দিয়ে নাম হয়ে যায় তাঁর ‘ব্যাড বয়’। কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই, মারিও বালোতেল্লি এ সময়ের সবচেয়ে প্রতিভাবান তরুণ স্ট্রাইকার। নিজের প্রতিভার প্রতি অবিচার না করলে একসময় বিশ্বসেরা হবেন বলে রায় দিয়েছেন রবার্তো মানচিনির মতো জহুরি। তা যে হবেন, সেই প্রমাণ পরশু দিয়ে দিলেন খ্যাপা বালোতেল্লি। দুর্দান্ত ফিনিশিংয়ে জাত স্ট্রাইকারের মতো দুটো গোল করে ইতালিকে তুলে দিলেন ফাইনালে।আয়ারল্যান্ড ম্যাচে দুর্দান্ত গোলের পর পরশুই দুটি। ২১ বছর বয়সী স্ট্রাইকারের সামনে এখন গোল্ডেন বুটের হাতছানি। যৌথ সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাঁর বাকি পাঁচ প্রতিপক্ষই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। ফাইনালে একটি গোল করতে পারলেই সোনার বুট তাঁর একার। বালোতেল্লি প্রতিশ্রুতি দিচ্ছেন চার গোল করার, ‘আজ (পরশু) মা স্টেডিয়ামে এসে খেলা দেখেছেন, বাবা খেলা দেখেছেন টিভিতে। মায়ের সামনে দুটো গোল করেছি। কিয়েভের ফাইনালে বাবার সামনে চারটি গোল করতে চাই।’ ভেতরে ভেতরে যে এখনো কিশোরটিই রয়ে গেছেন, সেটি বোঝা গেল পরের কথাতেই, ‘আজ আমার সবচেয়ে প্রিয় মুহূর্তটি ছিল, ম্যাচ শেষে মা যখন জড়িয়ে ধরলেন।’সিজারে প্রানদেল্লি অবশ্য প্রশংসায় ভাসিয়ে দিলেন না। ইতালির কোচ ভালো করেই জানেন, তাতে হিতে বিপরীত হতে পারে। বালোতেল্লিকে সব সময় লাগাম পরিয়ে রাখলেই মঙ্গল। ‘ও ছিল দুর্দান্ত, পুরো দলের মতোই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কীভাবে খেলতে হবে, এ সম্পর্কে দলের একটি পরিষ্কার ধারণা থাকা দরকার। ও আমাদের খেলার ধরনটা খুব ভালোমতো বুঝেছে। মাঠের অনেক ওপরে খেলেছে, সব সময় তৈরি থেকেছে। আজ ও আসলেই খুব ভালো খেলেছে।’ একটু হিসাব করেই প্রশংসা করেছেন প্রানদেল্লি।কোচকে সাবধান থাকতেই হয়। হোসে মরিনহোর মতো ঝানু কোচও বালোতেল্লি নামের পাগলা ঘোড়াটাকে সামলাতে পারেননি ইন্টার মিলানে থাকার সময়। এখন হিমশিম খাচ্ছেন ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি। বালোতেল্লিকে বোঝা আসলে কারোরই যেন কম্ম নয়। এই দুর্দান্ত খেলছেন তো পরের ম্যাচেই হাস্যকর সব শট নিচ্ছেন। এবার ইউরোতে প্রথম দুই ম্যাচ বাজে খেলে বাদ পড়লেন। বেঞ্চ থেকে উঠে এসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত গোল। ইংল্যান্ডের বিপক্ষে আবারও যাচ্ছেতাই। কিন্তু পেনাল্টি-শ্যুটআউটে জোর করে প্রথম শটটি নিলেন, এগিয়েও দিলেন। পরশু তো তিনি অবিশ্বাস্য!দুই গোল করার পর তাঁর সামনে ছিল ১৯৭৬ সালের পর সেমিফাইনালে প্রথম হ্যাটট্রিক করার সুযোগ। ৭০ মিনিটে তুলে নেওয়া হলো বলে ডাগআউটে সে কী রাগ! প্রানদেল্লি তখন পিঠে হাত বুলিয়ে শান্ত করছেন আর কী যেন বলছেন। হয়তো বলছেন, ‘বোকা, গোল করার জন্য আসল ম্যাচটা তো পড়েই রইল!’ এএফপি, রয়টার্স।