খড়্গের নিচে কুক-ফ্লাওয়ার
একটা সিরিজ কত কিছুই বদলে দিতে পারে! এই বছরই অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে যখন ভস্মাধারটা উঁচু করে ধরেছিলেন, অ্যালিস্টার কুক কি তখন ভেবেছিলেন মাস চারেক পরই তাঁকে প্রশ্ন শুনতে হবে—অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন কি?
কুকের ভাবার কথা নয়, হয়তো ভাবেননি কোনো ইংলিশ সমর্থকই। কিন্তু মেলবোর্নে চতুর্থ দিন শেষ হওয়ার আগেই যখন ইংল্যান্ড আরও একবার অসহায় আত্মসমর্পণ করল অস্ট্রেলিয়ার কাছে, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ধেয়ে এল প্রশ্নটা। মনে মনে হয়তো প্রস্তুত ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। তাই রাখঢাক না করেই জবাব, ‘অধিনায়ক হিসেবে আমাকে তো অবশ্যই দায়দায়িত্ব নিতে হবে। যদি সিরিজ শেষে নির্বাচকেরা মনে করেন আমি আর এ কাজের যোগ্য নই তাহলে তা-ই হবে।’ তবে নিজে থেকে যে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছে নেই সেটা বেশ স্পষ্টই করে দিয়েছেন কুক, ‘এটা আমার জন্য খুব দুঃখজনক হবে। আমার ছাড়ার কোনো ইচ্ছে নেই। আমি সবকিছু দিয়ে চেষ্টা করছি আমার এক শ টেস্ট খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাহায্য করতে। হয়তো কঠিন পরিশ্রম আর পারফরম্যান্স দুটো মিলে গেলে আমরা আবার ছন্দে ফিরে আসব।’
হয়তো আসবে। কিন্তু সেই সময়টায় কুকই অধিনায়ক থাকবেন—এটা এখন আর নিশ্চিত করে বলা যাচ্ছে না। মেলবোর্নে হারের পর শুধু তাঁকে নয়, দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকেও সরিয়ে দেওয়ার দাবি তুলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ২০০৯ সালে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই ফ্লাওয়ারই তিনটি অ্যাশেজ জিতিয়েছেন ইংল্যান্ডকে, এনে দিয়েছেন ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা, তাঁর তত্ত্বাবধানেই তিন ধরনের ক্রিকেটে শীর্ষস্থানে উঠেছিল ইংল্যান্ড। তবে এবারের অ্যাশেজের ফল দেখে সমালোচকদের ধারণা, ইংল্যান্ড ক্রিকেটকে যেটুকু দেওয়ার ছিল তা দেওয়া হয়ে গেছে সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটারের। নতুন চিন্তাভাবনা আর নতুন দর্শনের একজনের হাতে এবার দায়িত্ব তুলে দেওয়ার সময় বলে মনে করছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
প্রতিপক্ষের অধিনায়ক ও কোচ যখন এ রকম খড়্গের নিচে, তখন হাওয়ায় উড়ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক ও ড্যারেন লেম্যান। আগের তিন জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গেলেও মেলবোর্নের চতুর্থ জয়টার আলাদা গুরুত্ব ক্লার্কের কাছে, ‘অনেকে হয়তো ভেবেছিলেন সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় আমাদের জয়ের ইচ্ছেটা কমে গেছে। সিরিজে এই প্রথমবার আমরা ওদের চেয়ে খারাপ অবস্থানে চলে গিয়েছিলাম। কিন্তু আমরা দেখিয়েছি, আমাদের জয়ের ক্ষুধাটা শেষ হয়ে যায়নি।’
এই ক্ষুধা থাকলে ৫-০ হওয়া ঠেকাবে কে? এএফপি, রয়টার্স।