গঞ্জালো এখন গোলাজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে তখনো শেষ বিকেলের আলো এসে পড়ছিল। সূর্যের সে আলো পড়ছিল তির্যক হয়ে, মাঝমাঠটা ঘিরে রেখেছিল আবছায়া। সেই আবছায়া দূর করে পুরো বার্নাব্যুকে আলোয় ভরিয়ে দিয়েছেন গঞ্জালো হিগুয়েইন। দারুণ এক হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে রিয়াল বেটিসের বিপক্ষে এনে দিয়েছেন ৪-১ গোলের জয়।হিগুয়েইনের এই হ্যাটট্রিকটি আরও বিশেষ হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদের জয়ের ধরনে। প্রথমার্ধে অগোছালো আর এলোমেলোই খেলেছে হোসে মরিনহোর দল। নিশ্চিত গোলের সুযোগও ম্যাচের প্রথম ভাগে খুব বেশি তৈরি করতে পারেনি তারা। তবু যে শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়া গেল, তা হিগুয়েইনের হ্যাটট্রিকের কল্যাণেই।দলীয় ব্যাপার বাদ দিলে, হিগুয়েইনের এই হ্যাটট্রিক তাঁর জন্য আরও আনন্দের। চোটের কারণে গত মৌসুমে অনেকটা সময় কাটিয়েছেন মাঠের বাইরে। আগের দুই মৌসুমে অসাধারণ খেলেছেন। করেছেন ৫৩ গোল। চোটে পড়ার আগের মৌসুমেও ২৫ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন।তবে এ মৌসুমে চোট কাটিয়ে উঠলেও হিগুয়েইনকে খেলতে হচ্ছিল করিম বেনজেমার বদলি হিসেবে। আগের হ্যাটট্রিকটি করেছেন এসপানিওলের বিপক্ষে ২ অক্টোবর। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছিল ৪-০ গোলে। শুধু কি রিয়াল মাদ্রিদের হয়েই গোলশিকার? গোল করে যাচ্ছেন আর্জেন্টিনার জার্সি গায়েও। বিশ্বকাপ বাছাইপর্বের শুরুর ম্যাচে চিলির বিপক্ষে হিগুয়েইনের হ্যাটট্রিকেই আর্জেন্টিনা জিতেছে ৪-১ গোলে। সব মিলিয়ে এই অক্টোবর মাসটা হিগুয়েইনের জন্য আশীর্বাদ। এই মাসে ১৩ দিনের মধ্যে ৯ গোল পেলেন ‘এল পিপিতা’। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তো তাঁর নামের প্রথম অংশ গঞ্জালোর জায়গায় লিখে দিয়েছে ‘গোলাজো’।রিয়ালের সাদা আর আর্জেন্টিনার আকাশি-নীল, দুই জার্সিতেই সমানতালে গোল করে চলা হিগুয়েইন তো মহা খুশি, ‘আরেকটি হ্যাটট্রিক করতে পেরে খুব ভালো লাগছে। আবার এভাবে খেলার জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে।’ অনেক অপেক্ষার পর নিজেকে ফিরে পেয়েছেন। নিজেকে এখন একেবারেই সুস্থ মনে করছেন হিগুয়েইন, ‘শারীরিকভাবে আমি অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো বোধ করছি। এক সপ্তাহ আগেও মনে হচ্ছিল, আমি আগের মতো খেলতে পারছি না। এখন আমি আমার মতো খেলতে পারছি বলে খুশি।’মৌসুমের শুরুটা বেনজেমার বদলি হিসেবে খেলতে হয়েছে। এখন তো মনে হয় বিষয়টি উল্টো হয়ে যাবে। হয়তো বেনজেমাকেই খেলতে হবে তাঁর বদলি হিসেবে। হিগুয়েইন কী মনে করেন? বিতর্কে যেতে চান না এল পিপিতা, তাঁর মুখে কূটনৈতিক উত্তর, ‘সিদ্ধান্তটা কোচের ওপরই নির্ভর করবে।’কোচ মরিনহোকেও পড়তে হয়েছে এই প্রশ্নের মুখে। কাকে ছেড়ে কাকে রাখবেন শুরুর একাদশে? রিয়ালের কোচ যা বলেছেন, তার অর্থ দাঁড়ায়—একজন কোচের জন্য এটা মধুর সমস্যা, আর এই সমস্যায় পড়ে তিনি খুশিই। এএফপি, ওয়েবসাইট।