গণমাধ্যমের রোষানলে ভারতীয় ক্রিকেট বোর্ড
বেশ কদিন ধরেই ক্রিকেট-বিশ্বের মনোযোগ আকর্ষণ করে রেখেছে ইংল্যান্ডের ভারত সফর। আজ বৃহস্পতিবার আহমেদাবাদে শুরু হয়েছে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর দুটি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে এ সময়ের অন্যতম সেরা দুই দল। কিন্তু এমন হাইপ্রোফাইল একটি সিরিজ বয়কটের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের ছবি তোলার ওপর কড়াকড়ি আরোপ করার প্রতিবাদে এই সিরিজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে নিউজ মিডিয়া কোয়ালিশন।গেটি ইমেজ, অ্যাকশন ইমেজের মতো আলোকচিত্রনির্ভর সংস্থাগুলোর ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের ক্রিকেট বোর্ড। আলোকচিত্র নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করায় সম্মিলিতভাবে ভারত-ইংল্যান্ডের এই সিরিজ বয়কট করছে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংগঠন নিউজ মিডিয়া কোয়ালিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছে, ‘গেটি ইমেজ, অ্যাকশন ইমেজ এবং আরও দুটি ভারতীয় আলোকচিত্র সংস্থাকে এই সিরিজে প্রবেশাধিকার না দেওয়ার প্রতিবাদে সম্মিলিতভাবে আমরা এই সিরিজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী অগণিত ক্রিকেট-ভক্ত ভালো মানের ছবি দেখা থেকে বঞ্চিত হবে। অনেক দূর থেকে নেওয়া ছবি দেখেই সন্তুষ্ট থাকতে হবে তাদের।’আলোকচিত্র নেওয়া থেকে বঞ্চিত করার এই সিদ্ধান্তের কারণে গণমাধ্যমের কড়া সমালোচনার শিকার হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোসাইটি অব এডিটরসের নির্বাহী পরিচালক বব সাচওয়েল বলেছেন, ‘বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত সম্পাদকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করবে। কী কারণে এমনটা করা হলো, তা নিয়েও তাঁরা দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। ক্রিকেট-পাগল পাঠক-দর্শকদের জন্য সব সময় সেরা সংবাদ-উপকরণ সংগ্রহ করার দিকেই ঝোঁক থাকে সম্পাদকদের। গণমাধ্যমের এই দিকটা ক্ষতিগ্রস্ত করার কারণে খেলাটার সুনামহানিও হতে পারে।’ পিটিআই।