এমন পোজ দিতে সাধারণত স্প্রিন্টারদেরই দেখা যায়। বিশ্ব রেকর্ড গড়ার পর দুই আঙুলে ‘ভিক্টরি চিহ্ন’ আর মুখে হাসি নিয়ে বিশালাকার ডিজিটাল ঘড়ির পাশে। একজন ক্রিকেটারেরই সম্ভবত এমন অভিজ্ঞতা আছে। এই গ্রহের প্রথম মানবসন্তান হিসেবে ঘণ্টায় ১০০ মাইল গতিতে বোলিং করা নিয়ে শোয়েবের সঙ্গে ব্রেট লির লড়াই চলছিল আগের বছর দুয়েক ধরেই। সেই লড়াই যেমন ছিল মাঠে, তেমনই ছিল কথারও। শেষ পর্যন্ত জয়ী হন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ২০০২ সালের আজকের দিনটিতেই লাহোরে নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানকে করা শোয়েবের একটি বলের গতি বোলিং মেশিন দেখিয়েছিল ১০০.০৪ মাইল (১৬১ কিমি)। যদিও গতি মাপার আদর্শ যন্ত্র এখনো পাওয়া যায়নি বলে আইসিসির স্বীকৃতি পায়নি এই রেকর্ড। এর আগে রেকর্ড করা সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটি ছিল অস্ট্রেলিয়ার জেফ টমসনের (৯৯.৮) মাইল, যদিও তা কোনো ম্যাচে ছিল না, ছিল গতি মাপার প্রতিযোগিতায়।