গত ১০ বছরেও এমন ভারতীয় দল দেখিনি: সৌরভ
এজবাস্টন টেস্টে ইনিংস ব্যবধানে হার। চার ম্যাচের টেস্ট সিরিজে ভারত হেরেছে ৩-০ তে। সঙ্গে ধোনির দল হারিয়েছে টেস্টের শীর্ষস্থানটাও। এত কিছু হারানোর আগেই সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর মূল্যায়ন, গত ১০ বছরেও ভারতীয় দলের এমন বিধ্বস্ত-বিপর্যস্ত অবস্থা দেখা যায়নি।টেস্ট সিরিজে বিবর্ণ ভারতের দিকে চারপাশ থেকে সমালোচনা ধেয়ে আসছে। সেই সমালোচনার সঙ্গে একমত সৌরভও। ‘এ সমালোচনার সঙ্গে আমি একমত। আমরা খুবই সাধারণ খেলা খেলছি, কথাটা মানতেই হয়। গত ১০ বছরেও এমন ভারতীয় দল আমি দেখিনি’—বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ।কিন্তু কেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এমন পরিণতি? সৌরভের বিশ্বাস, এর কারণ টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের যথেষ্ট প্রস্তুতির অভাব। গুঞ্জন চলছে ইংল্যান্ডের হয়ে চলতি টেস্ট সিরিজই শেষ সিরিজ হয়ে থাকতে পারে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের। তবে সৌরভের দাবি, গুঞ্জনটা সত্য নয়, ‘সামনে আমাদের অস্ট্রেলিয়া সফর। এ সফরে দ্রাবিড়, টেন্ডুলকার ও লক্ষ্মণকে দরকার হবে ভারতের।’ ওয়েবসাইট।