গতকাল আফ্রিদি, আজ জুলকারনাইন
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই। এর মানে, আয়ও নেই। নেই বললে অবশ্য ভুল হবে। আয়ের উত্স যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাতের নাগালেই! একের পর এক ক্রিকেটারদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলো, শাস্তি হিসেবে জরিমানা করো বড় অঙ্কের অর্থ! এর চেয়ে বড় আয়ের উত্স আর কী হতে পারে!ওপরের কথাগুলো কেবল পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্রেই প্রযোজ্য। বাস্তবতা অন্তত তা-ই প্রমাণ করে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে জরিমানা করা হলো ৪৫ লাখ রুপি। এক দিন পর আজ শুক্রবার জরিমানা করা হলো জুলকারনাইন হায়দারকে। জরিমানার অঙ্কটা অবশ্য আফ্রিদির চেয়ে অনেক নগণ্য—পাঁচ লাখ রুপি মাত্র!জুলকারনাইনের বিরুদ্ধে অভিযোগটা পুরোনো—গত বছরের নভেম্বরের। অজ্ঞাত লোকের ফোনের হুমকিতে সংযুক্ত আরব আমিরাতে দলের হোটেল থেকে গোপনে যুক্তরাজ্যে পালিয়ে অবসর ঘোষণা দিয়েছিলেন। আবেদন করেছিলেন সেখানে রাজনৈতিক আশ্রয়ের। অনেক জল ঘোলার পর সেই আবেদন প্রত্যাহার করে এ বছরের এপ্রিলে দেশে ফিরেন এই উইকেটরক্ষক। ঘটনার শেষ নয় এখানেই। অবসর ভঙ্গ করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার ঘোষণাও দেন জুলকারনাইন।এ ঘটনায় পিসিবির গঠিত তিনি সদস্যের শৃঙ্খলা কমিটির শুনানিতে আজ হাজির হন জুলকারনাইন। দুই ঘণ্টার শুনানি শেষে কমিটির প্রধান সুলতান রানা সাংবাদিকদের জানান, দোষ স্বীকার করে নেওয়ায় জুলকারনাইনকে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এই সঙ্গে আগামী এক বছর তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। যুক্তরাজ্যে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে জুলকারনাইন বলেন, ‘তখন মনে হয়েছিল, আমি সঠিক কাজটাই করেছি। কিন্তু এখন বুঝতে পারছি, সেটা ভুল ছিল। বিষয়টি আমার পিসিবি ও সিনিয়র ক্রিকেটারদের জানানো উচিত ছিল।’ ওয়েবসাইট।