গত বছর ইস্তাম্বুলে বিশ্ব দাবা অলিম্পিয়াডে ১৪০টি দেশের মধ্যে ৩৩তম অবস্থান করে নিয়েছিল বাংলাদেশ। অলিম্পিয়াডে ছেলেদের বিভাগে বাংলাদেশের ওটাই সেরা ফল। তবে গতবারের তুলনায় এবার বাংলাদেশের পারফরম্যান্স বেশ নিম্নমুখী। ১৭৭টি দেশের মধ্যে ৬৪তম হয়েছে। মেয়েরা গতবারের চেয়ে চার ধাপ নেমে এবার ৫৬তম।
পরশু নরওয়েতে শেষ হওয়া ৪১তম দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ পুরুষ দল ১১ ম্যাচে পেয়েছে ১২টি ম্যাচ পয়েন্ট। মেয়েদের দলের পয়েন্টও ১২। পুরুষ দলে সবচেয়ে ভালো করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও তরুণ আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন সাগর। নিয়াজের ৯ ম্যাচে অর্জন সাড়ে ছয় পয়েন্ট, মিনহাজের ৭ ম্যাচে পাঁচ। নিয়াজ পেয়েছেন ‘বোর্ড পুরস্কার’ (১৯৯২ দাবা অলিম্পিয়াডে সর্বশেষ বোর্ড পুরস্কার পান শাবানা পারভীন ও গুলশান আরা)।
গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিবের পয়েন্ট ১০ ম্যাচে সাড়ে পাঁচ। তুলনামূলক খারাপ করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। ৯ ম্যাচে তাঁদের দুজনের পয়েন্ট মাত্র চার করে! জিয়া অবশ্য নয় ম্যাচের আটটিতেই ছিলেন এক নম্বর বোর্ডে, যেখানে প্রতিপক্ষ দলের সেরা খেলোয়াড়েরাই খেলেছেন।
গতবার পুরুষ বিভাগে বাংলাদেশের পেছনে ছিল ভারত (৩৫তম)। সেই ভারত এবার ব্রোঞ্জ জিতেছে। দাবায় ভারতের অগ্রগতি যে রকেট গতিতে চলছে, অলিম্পিয়াডে মিলল তারই প্রমাণ। ভারতের পয়েন্ট ১৭।
শেষ রাউন্ডের আগ পর্যন্ত বাংলাদেশ ছিল ৫২তম, কিন্তু শেষ ম্যাচটা পরশু সুইডেনের কাছে ৩-১ পয়েন্টে হেরে দলীয় অবস্থান ষাটের ওপরে চলে গেছে। এ ম্যাচে এক পয়েন্ট এসেছে নিয়াজ-জিয়ার জোড়া ড্রয়ে।
গতবারের ফল ধরে রাখতে বাংলাদেশ এবার হল্যান্ডের সুপার গ্র্যান্ডমাস্টার সার্গেই টিভিয়াকভকে কোচ করে আনা হয়েছিল এক মাসের জন্য। তাঁর প্রশিক্ষণে দৃশ্যমান উন্নতি হয়তো হয়নি। তবে মিনহাজের মতো তরুণের ৭ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া অলিম্পিয়াডে বাংলাদেশের সেরা প্রাপ্তি।