গতবারের চেয়েও ভালো করতে চান দাবাড়ুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দাবা অলিম্পিয়াডে ১৫৬টি দেশের মধ্যে ৩৩তম হয়েছিল বাংলাদেশ পুরুষ দাবা দল। দেশের দাবার ইতিহাসে সর্বোচ্চ সাফল্য এটাই।এবার নরওয়েতে সেই সাফল্য ছাড়িয়ে যেতে চান দাবাড়ুরা।
অলিম্পিয়াডের প্রস্তুতি হিসেবে এক মাস ডাচ কোচ সের্গেই টিভিয়াকভের অধীনে অনুশীলন করেছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। বাকি দুই সদস্য গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান।
অলিম্পিয়াডের প্রস্তুতি উপলক্ষে ফেডারেশন কার্যালয়ে কাল সংবাদ সম্মেলনে গতবারের সাফল্য ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় শোনাল গ্র্যান্ডমাস্টার রাকিবের কণ্ঠে, ‘আমরা অপ্রত্যাশিতভাবেই গতবার বেশি ভালো ফল করেছিলাম। এবার চাইব ওই সাফল্য টপকে যেতে। অন্তত ২০-২৫-এর মধ্যে থাকার লক্ষ্য আমাদের।’
এমন একটি বড় আন্তর্জাতিক আসরের আগে অন্তত কয়েকটি টুর্নামেন্ট খেলতে চেয়েছিলেন দাবাড়ুরা। সেটা হয়নি, শুধু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বার্সেলোনায় খেলছেন আন্তর্জাতিক টুর্নামেন্টে। তার পরও ডাচ কোচের অনুশীলন যথেষ্ট আশাবাদী করে তুলেছে রাকিবকে, ‘এত দিন মনে হয়েছে অনেক কিছু ভুল শিখেছি। দাবায় আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। নিজেরাই শিখতে চেষ্টা করেছি। এই কোচের অধীনে অনুশীলনের পর এগুলো দূর করার চেষ্টা করব। আশা করি অলিম্পিয়াডে ইতিবাচক ফল আসবে।’
মহিলা দাবা দল গত অলিম্পিয়াডে হয়েছিল ৫২তম। ছেলেদের তুলনায় মেয়েরা খারাপ করেছিল গ্রিসে। এবার তাই ভালো কিছু করার স্বপ্ন দেখছে মেয়েদের দল।