উইম্বলডনের গত আসরের মতো এবারও সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। সেবার মারেকে ৬-৪, ৭-৬ (৮-৬), ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠে এসেছিলেন নাদাল। জিতে নিয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বলডন শিরোপাটাও। এবারও গত আসরেরই পুনরাবৃত্তি চাইছেন টেনিস র্যাঙ্কিংয়ের এই এক নম্বর তারকা। তবে ম্যাচটা জিতে নেওয়া যে অনেক কঠিন হবে, এটা বেশ ভালো মতোই বুঝতে পারছেন নাদাল। আজ শুক্রবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবেন তাঁরা।গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাদাল বলেছেন, ‘গত বছর আমি মারেকে সেমিফাইনালে হারিয়েছিলাম। কিন্তু আমাকে অনেক ঘাম ঝরাতে হয়েছিল সেই ম্যাচটা জেতার জন্য। এবারও ফাইনালের টিকিট পেতে আমাকে অনেক কষ্ট করতে হবে। মারে গত কয়েক মাস ধরে দুর্দান্ত খেলছে। কাজেই মনে হয়, এই ম্যাচটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ।’কোয়ার্টার ফাইনালে দেল পোত্রোর বিপক্ষে ম্যাচটা চলার সময় পায়ে কিছুটা আঘাত পেয়েছিলেন নাদাল। এটা আজকের ম্যাচে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে এই স্প্যানিশ তারকা বলেছেন, ‘কোয়ার্টার ফাইনালে আমি পুরোপুরি সুস্থ ছিলাম না। কিন্তু সেটা ছিল অনেক বড় ম্যাচ। কাজেই আমাকে খেলতেই হয়েছে। তবে সেমিফাইনালে খুব বেশি সমস্যা হবে বলে মনে হচ্ছে না।’ ওয়েবসাইট।