গতি আর ছন্দের লড়াই
‘আমরা কখনোই আমাদের খেলার ধরন বদলাব না’—কথাগুলো কি একটু চেনাচেনা মনে হচ্ছে? হওয়ারই কথা, প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার ধরন নিয়ে তীব্র সমালোচনার মুখে কথাটা বলেছিলেন স্পেনের কোচ-ফুটবলাররা। কাল ওই একই কথা শোনা গেল চিলি ডিফেন্ডার ওয়ালদো পনচির কণ্ঠেও। ভাবছেন চিলির খেলার ধরন নিয়ে আবার কী হলো? ওরা তো দুটো ম্যাচই জিতেছে!প্রশ্নটা উঠেছে ওই জয়ের কারণেই। দুটি ম্যাচই জেতায় স্পেনের বিপক্ষে আজ ড্র করলেই চলে চিলির। তবে গতিময় ও আক্রমণাত্মক খেলে ইতিমধ্যেই নজরকাড়া চিলি সাফ জানিয়ে দিয়েছে ড্রয়ের জন্য খেলার কোনো ইচ্ছেই তাদের নেই। চিলি কোচ মার্সেলো বিয়েলসা জানিয়েছেন, ফলাফলের জন্য নিজেদের খেলা থেকে সরে আসবে না তারা। প্রতিপক্ষের এই মনোভাবই আবার আশাবাদী করে তুলতে পারে স্পেনকে। প্রতিপক্ষ আক্রমণাত্মক খেললেই না তাদের ডিফেন্সে ফাঁক সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। হন্ডুরাসের বিপক্ষে জয়ের পর স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক বলেছিলেনও, সুইজারল্যান্ডের চেয়ে হন্ডুরাস অনেক উন্মুক্ত খেলেছে বলেই জয়টা সহজে এসেছে তাদের।তবে যথারীতি চিলির চেয়ে বেশি আগ্রহ স্পেনের খেলার ধরন নিয়েই। হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয়ের পরও দেল বস্কের দলের সমালোচনা কম হয়নি। অযথাই বল পায়ে রেখেছে বেশি, গোল আরও বেশি হওয়া উচিত ছিল, খুনে মানসিকতার অভাব ছিল—সমালোচকদের এমন হাজারো অভিযোগ। মাত্র দুই গোল করা নিয়ে অসন্তুষ্টি সরাসরি জানিয়ে দিয়েছেন স্বয়ং দেল বস্কও। গোল নিয়ে কোচের সঙ্গে একমত আন্দ্রেস ইনিয়েস্তাও। তবে যথারীতি আরও একবার জানিয়ে দিয়েছেন, খেলার ধরন বদলানোর কোনো চিন্তাভাবনাই তাদের নেই, ‘আমরা সেই কাজটাই করব, যা আমরা ভালো পারি। যতটা সম্ভব বল দখলে রেখে যত দ্রুত সম্ভব আক্রমণে ওঠার চেষ্টা করব।’আজকের ম্যাচের আগে স্পেনকে সবচেয়ে বড় সুখবরটা এই ইনিয়েস্তাই শুনিয়েছেন। ইনিজুরির জন্য আগের ম্যাচ বাইরে থাকা তারকা এখন পুরোপুরি ফিট। তবে ইনিয়েস্তার জায়গায় সুযোগ পেয়ে গত ম্যাচে অসাধারণ খেলেছেন জেসাস নাভাস। আজ তাই দেল বস্ককে নিতে হবে গুরুত্বপূর্ণ কিছুুু সিদ্ধান্ত। স্পেন কোচের সবচেয়ে বড় দুশ্চিন্তা অবশ্য ফার্নান্দো তোরেস। ইনজুরি কাটিয়ে ফেরার পর এই স্ট্রাইকার এখনো নিজেকে খুঁজে পাননি। তোরেস ফর্মে ফিরলে একসঙ্গে অনেক সমস্যারই সমাধান হয়ে যায় স্পেনের। খুনে মানসিকতাও তখন দেখা যাবে, গোলের জন্যও হাহাকার করতে হবে না। স্পেনের বল দখলে রাখা নিয়ে এত কথাও উঠবে না।আজ স্পেন চিলিকে হারালে আর সুইজারল্যান্ড জিতলে তিন দলেরই পয়েন্ট হবে ৬, সে ক্ষেত্রে গোল ব্যবধানে বাদ পড়ে যেতে পারে চিলি। এই গ্রুপের লড়াইটা আকর্ষণীয় হয়ে উঠেছে আরেকটি কারণে। দ্বিতীয় রাউন্ডে এই গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের সম্ভাব্য প্রতিপক্ষ ব্রাজিল। লড়াই আজ শুধু তাই দ্বিতীয় রাউন্ডে ওঠারই নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও। সুইজারল্যান্ড কোচ ওটমার হিজফিল্ডও তাই জানিয়ে দিয়েছেন, পরিচিত রক্ষণাত্মক খেলা নয়, আজ তারা ঝাঁপিয়ে পড়বে বড় জয়ের জন্য।তবে সব সমীকরণকে মাথা থেকে সরিয়ে শুধু উপভোগের জন্য আজ চোখ রাখতে পারেন স্পেন-চিলি ম্যাচের দিকে। গতি আর ছন্দের লড়াইয়ের চেয়ে দৃষ্টিসুখকর লড়াই আর কি হতে পারে?